পাটের দামে হতাশ চাষিরা

ধানের তুলনায় পাট চাষে খরচ ও ঝামেলা কম। চাষও তুলনামূলকভাবে লাভজনক। চলতি মৌসুমে মাগুরায় লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে। তবে আশানুরূপ দাম না পেয়ে হতাশ কৃষক।
কৃষি বিভাগ জানিয়েছে, এবার পাটের বাম্পার ফলন হয়েছে। প্রথম দিকে চাষিরাও খুব খুশি হয়েছিলেন। পাটের সোনালি অতীত ফিরে পাওয়ার আশায় ছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ দাম কমে যাওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন।
কৃষি বিভাগ ও চাষিরা জানান, মাগুরার আবাদি জমিগুলো মূলত বেলে-দোআঁশ মাটির। জেলার ভেতরে দিয়ে চারটি নদী প্রবাহিত হচ্ছে। নদীর তীর ও আশপাশের আবাদি জমির মাটি পলিযুক্ত। বেলে-দোআঁশ ও পলিযুক্ত মাটিতে ধান-পাটের আবাদ বেশ ভালো হয়। কৃষকেরা জানান, প্রধান ফসল ধানের তুলনায় পাট চাষ লাভজনক হওয়ায় তাঁরা এর চাষে বেশ আগ্রহী। এ বছর পাটের গুণগত মানও খুব ভালো হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মাগুরা জেলায় ৩০ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু চাষ হয়েছে ৩২ হাজার ৭৩০ হেক্টর জমিতে। এর মধ্যে সদরে নয় হাজার ১০ হেক্টর, শ্রীপুরে নয় হাজার হেক্টর, মহম্মদপুরে ১০ হাজার ৮০০ হেক্টর এবং শালিখা উপজেলায় তিন হাজার ৯২০ হেক্টর জমিতে এর চাষ হয়। গত বছর ৩০ হাজার ৫৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। গত বছরের তুলনায় এ বছর দুই হাজারেরও বেশি হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। পাটের ফলন ও বৃদ্ধি গত বছরগুলোর তুলনায় এবার খুবই ভালো। পোকামাকড়ের আক্রমণও তেমন ছিল না।
চাষিরা জানান, ফলন ভালো হলে প্রতি হেক্টর জমিতে ১০ থেকে ১২ বেল (পাঁচ মণে এক বেল) পাট উৎপাদিত হয়। প্রতি মণ পাট উৎপাদন করতে কৃষকের খরচ হয় কমপক্ষে এক হাজার টাকা। এবার মৌসুমের শুরুতে বাজারে পাটের দাম ছিল এক হাজার ১০০ থেকে এক হাজার ৫০০ টাকা। ঈদের পর প্রতি মণ পাটের দাম ২০০ টাকা করে কমে গেছে। গত বছর পাটের দাম মোটামুটি ভালোই ছিল। কৃষকেরা আশা করেছিলেন, এবার পাটের ভালো দাম পেলে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নেবেন। কিন্তু সে আশায় গুঁড়ে বালি।
মহম্মদপুরের বিনোদপুর গ্রামের চাষি বাবু খাঁ বলেন, ‘ফলন ভালো হোয়ে লাভ নেই। বাজারে তো পাটের দাম নেই। ঈদের আগে যাও ছিল, এহন মণপ্রতি দুই-তিন শ টাকা করে পড়ে গেছে। চাষ করা ছাড়া আমাগের কিছু করার নেই; তাই চাষ করি। সরকারের উচিত, কৃষকগের দিক তাকানো। ইবার পাটের ভালো দাম না পালি আগামীবার আর পাট চাষ করব না।’
কৃষক হোসেন আলী খাঁ বলেন, ‘এক মণ পাট চাষ করতি মাঠেই হাজার টাকার ওপরে খরচ হয়ে যায়। বিক্রির জন্যি বাজার পর্যন্ত নিতি আরও খরচ আছে। এক মণ পাট আঠার শ থেকে দুই হাজার টাকা না হলি কৃষক বাঁচপে না।’
মাগুরা নতুন বাজারের পাট ব্যবসায়ী বিধান সাহা বলেন, মূলত পাটকলগুলোয় দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের টাকা বকেয়া আছে। তাই ব্যবসায়ীরা পাট কিনতে চান না। এ ছাড়া মহাজনদের কাছ থেকে ঠিকমতো টাকা পেলে ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে বেশি দামে পাট কিনতে পারতেন।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোখলেসুর রহমান জানান, চাষিরা পাট চাষ করতে চান। এ ক্ষেত্রে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে পাটের মূল্য নির্ধারণ করতে হবে।