পাটের পর ধান, তারপর সবজিতেও লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান, পাট ও সবজি আবাদ করে একের পর এক লোকসান গুনছেন রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জের কৃষকেরা। তাঁরা তাঁদের উৎপাদিত পণ্যের দাম পাচ্ছেন না। উল্টো কৃষি যন্ত্রপাতি, ডিজেল, বিদ্যুৎ, সার, কীটনাশক, কৃষিশ্রমিকের মজুরি বাবদ বাড়তি টাকা গুনতে হচ্ছে। এ দুই উপজেলায় প্রায় এক লাখ কৃষক ধান ও সবজি চাষ করেন। এঁদের অনেকে এখন ঋণের জন্য বেসরকারি সংস্থার (এনজিও) দ্বারস্থ হচ্ছেন।বদরগঞ্জের আমরুলবাড়ি গ্রামের কৃষক বরকত আলী সরকার (৪২) হতাশার সুরে বলেন, ‘যেইটাই আবাদ করোচি, সেইটারে দাম পাওচি না। খালি লস, লস আর লস। ত্যাল, সার সউগের (সবকিছুর) দাম বেশি। হামরা যেইটা কিনবার যাই, সেইটার দাম কমে না, বাড়োওচে (বাড়ছে)। এ্যাঙ্কা করি (এভাবে) কি বাঁচা যায়!’ বরকত আলীর মতো রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার প্রায় সব কৃষকেরই আজ দুরবস্থা। কৃষকদের অভিযোগ, তাঁরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না। উঠছে না শস্যের উৎপাদন খরচ।বদরগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় প্রথম আলোকে বলেন ‘কৃষকেরা আগের চেয়ে ফসল উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছেন। কিন্তু বাজারে বিক্রি করতে গিয়ে খরচ ওঠাতে পারছেন না তাঁরা।’ জানা গেছে, স্থানীয় হাট-বাজারগুলোতে ফুলকপি-বাঁধাকপি প্রতি মণ ৪০-৫০ টাকা, মোটা ধান প্রতি মণ ৫৫৭-৫৭১ টাকা (স্থানীয়ভাবে ২৮ কেজিতে মণ ধরা হয়। সেই হিসাবে মোটা ধানের দাম ৩৯০-৪০০ টাকা), প্রতি মণ মুলা ১৪-১৫, পাট মণপ্রতি ৪৫০-৫০০ টাকা এবং বেগুন মণপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ গত বছর একই সময় ফুলকপি-বাঁধাকপি ১৮০-২০০ টাকা, পাট ১০০০-১১০০, মুলা ১১০-১২০, বেগুন ১৬০-১৭০ টাকা মণ দরে বিক্রি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন।তারাগঞ্জের ধনতোলা গ্রামের কৃষক হরিপদ রায় জানান, ৩০ শতাংশ জমিতে ফুলকপি চাষে তাঁর খরচ হয়েছে প্রায় ১৪ হাজার টাকা। ফলন ভালো হলেও তিনি এখন পর্যন্ত তা বিক্রি করে পেয়েছেন মাত্র তিন হাজার টাকা। খেতের বাকি কপি বিক্রি করলে আরও দুই হাজার টাকা পাওয়া যেতে পারে। লোহানীপাড়া গ্রামের কৃষক মহব্বত আলী বলেন, ‘প্রতি মণ ধান আবাদে খরচ প্রায় ৪৫০ টাকা। বর্তমান বাজারে তা বিক্রি হচ্ছে ৩৯০-৪০০ টাকায়।’বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, বদরগঞ্জে সবজি চাষ করেন প্রায় ৩৫ হাজার চাষি, ধান চাষ করেন ৪২ হাজার। তারাগঞ্জে সবজি চাষি সাত হাজার ও ধান চাষি আছেন প্রায় ১৩ হাজার।লোকসান পোষাতে কৃষকেরা বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিচ্ছেন। উদ্দীপনের বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক জিয়াউল ইসলাম জানান, ২০১০-এ উপজেলায় ঋণ দেওয়া হয় এক হাজার ১১৫ জনকে। ২০১১ সালে দেওয়া হয়েছে এক হাজার ৯৪৩ জনকে। এক বছরের ব্যবধানে ঋণগ্রহীতা বেড়েছে ৮২৮ জন। এর মধ্যে প্রায় ৬০০ জনই কৃষক।উদ্দীপনের কর্মসূচি সহকারী জয়নাল আবেদিন বলেন, ‘মাস্টারপাড়া গ্রামের রুবিনা খাতুন (২৮) নামের এক কিষানি আমাদের সংস্থা থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে ৪০ হাজার টাকা খরচ করে ৩০ শতাংশ মাটিতে ফুলকপির চাষ করেছিলেন। এবার প্রায় ২৫ হাজার টাকা লোকসান গুনেছেন তিনি। এ লোকসান পুষিয়ে নিতে পরে তাঁকে আরও ১৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এ টাকায় তিনি ফুলের চাষ করেছেন।’গ্রামবিকাশের বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক আবুল কাশেম বলেন, ‘গ্রামগঞ্জে ঘুরে দেখেছি, ফসলের দাম না থাকায় কৃষকের অবস্থা খুবই খারাপ। মধ্যবিত্ত কৃষকেরা মানসম্মান রক্ষার ভয়ে ঋণ নিতে আমাদের কাছে সরাসরি আসতে চান না। গোপনে রাতে অফিসে এসে ঋণ নিয়ে যাচ্ছেন অনেকে।’ বদরগঞ্জের মধুপুর মিস্ত্রিপাড়া গ্রামের ক্ষুদ্র কৃষক মোশারফ হোসেন জানান, গত মৌসুমে ১০ হাজার টাকা ঋণ নিয়ে ১৬ হাজার টাকা খরচ করে ৪৮ শতাংশ জমিতে আলু করেন। ওই আলু হিমাগারে রাখার ভাড়ার টাকা না ওঠায় তিনি আর আলু বের করেননি। পুরো টাকাই তাঁর লোকসান হয়েছে। গত শনিবার এনজিও উদ্দীপন থেকে স্ত্রী মমেজা খাতুনের নামে তিনি পুনরায় ১০ হাজার টাকা ঋণ তুলেছেন ব্যবসা করার অঙ্গীকার করে। তারাগঞ্জের পরামানিকপাড়া গ্রামের কৃষক আবু তালেব বলেন, ‘এলাকার মহাজনের (দাদন ব্যবসায়ী) থাকি তিন হাজার টাকা ঋণ নিয়া পাতকপি (বাঁধাকপি) নাগাইছেনো, লস খাছি। এবার গ্রামীণ ব্যাংক থাকি ১০ হাজার টাকা ঋণ তুলছি ইরি ধান আবাদ করবার জন্যে।’বেসরকারি সংস্থা পদক্ষেপের তারাগঞ্জ শাখার ব্যবস্থাপক উপেন্দ্রনাথ জানান, গত বছর ৬৫৪ জন নতুন ঋণ নিয়েছেন। এর মধ্যে দুই শতাধিক ঋণগ্রহীতাই মধ্যবিত্ত কৃষক।