পাটের ফলন ও দাম কম, বিপাকে চাষি
বগুড়ার চাষিরা পাটের কাঙ্ক্ষিত ফলন ও দাম না পেয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন খরচ না ওঠায় হতাশ হয়ে পড়েছেন অনেক পাটচাষি।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে।
গত মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে অনেক পাটচাষির সঙ্গে কথা হয়। এ সময় কয়েকজন পাটচাষি জানান, গতবারের চেয়ে এবার পাটের ফলন অনেক কম হয়েছে। আবার খরার কারণে খালে-বিলে পানি না থাকায় তাঁরা সময়মতো পাট জাগ দিতে পারছেন না। কোনো কোনো এলাকায় সেচের পানিতে পাট জাগ দিতে হচ্ছে। এত কিছুর পরও পাট বিক্রি করতে বাজারে গিয়ে তাঁরা হতাশ হচ্ছেন। বাজার মন্দা। পাইকার নেই। চাহিদা না থাকায় কম দামে পাট বিক্রি করতে হচ্ছে। ফলে উৎপাদন খরচও উঠছে না।
এদিকে জেলায় বেশ কিছু পাটকল থাকলেও কৃষকের কাছ থেকে সরাসরি পাট কেনা হচ্ছে না। এতে লাভবান হচ্ছেন ফড়িয়া-পাইকারেরা।
গাবতলীর সোনামোয়া গ্রামের পাটচাষি জামাল উদ্দিন বলেন, ‘তিন বিঘা জমিনত পাট লাগাচি। খরচ হচে সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার টেকা। গতবারত এই জমিত ২৭ মণ পাট পাচি। এবারত পাচি ১৮ মণ। গতবারত পাট বেচিচ্চি দেড় হাজার টেকা মণ। এবার বেচিচ্চি এক হাজার ২০০ টেকা মণ।
তিন বিঘা জমিনের পাট বেঁচে ২১ হাজার টেকা ঘরত উঠিচে। জমির দাম ও নিজের শ্রমের দাম ধরলে তিন বিঘা জমিনত ছয় থেকে সাত হাজার টেকা গচ্চা যাচ্চে।’
সারিয়াকান্দি মথুরাপাড়া গ্রামের চাষি ছমেদ আলী বলেন, ‘অন্যবার এক মাস দেরিতে পাটি কাটিচি। এবার যমুনায় বারবার বান আসিচ্চে। বানের পানিতে খেত ডুবে যাওয়ার ভয়ে এক মাস আগেই খেত থ্যাকে পাট কাটতে হচ্চে। এ কারণে গতবারত চাইতে এবারত বিঘাপ্রতি পাটের ফলন তিন থ্যাকে চার মণ কম হচ্চে।’
সোনাতলার পদ্মপাড়া গ্রামের পাটচাষি আবদুল জলিল বলেন, ‘দুই বিঘাত পাট করিচিলাম। খরচ উঠপার লয়। ফলন-দাম দুডায় কম।’
গত মঙ্গলবার সকালে তরণীর হাটে গিয়ে দেখা যায়, কৃষকেরা গরুর গাড়ি, ভটভটি-নছিমন, রিকশাভ্যানে করে হাটে পাট নিয়ে আসছেন। কিন্তু হাটে ব্যাপারী-পাইকারের তেমন আনাগোনা নেই। স্থানীয় কিছু ফড়িয়া কৃষকের সঙ্গে দরদাম করছেন। এখানে প্রতি মণ পাট এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
ব্যাপারী তৈয়ব লস্কর বলেন, ‘শহর ও গঞ্জে দাম কিছুটা কমবেশ হবে। এ ছাড়া হামাকেরেও প্যাট আছে। লাভের জন্যিই ব্যবসা করিচ্চি।’
শাহসুলতান পাটকলের ব্যবস্থাপক আলম হোসেন জানান, এ মিলে প্রতিদিন বিপুল পরিমাণ পাটের প্রয়োজন পড়ে। বেশির ভাগ পাট কেনা হয় ব্যবসায়ীদের কাছ থেকে।
তবে বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডীদাস কুণ্ডু দাবি করেন, এবার হেক্টরপ্রতি পাটের ফলন হচ্ছে গড়ে ১১ দশমিক ২ বেল (এক বেল = সাড়ে চার মণ)। এতে কৃষকের লোকসান হওয়ার কথা নয়।