পাটের বহুমুখী পণ্য উৎপাদকদের সহায়তায় ত্রিপক্ষীয় চুক্তি সই
‘জুট: এন ইকো ফ্রেন্ডলি অলটারনেটিভ ফর এ সাসটেইনেবল ফিউচার’ প্রকল্পের অধীনে ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ, মাইডাস ও তরঙ্গের মধ্যে গতকাল মঙ্গলবার একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পটি বাংলাদেশে ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের মাধ্যমে তরঙ্গের সঙ্গে যৌথ অংশীদারির মাধ্যমে পরিচালিত ও বাস্তবায়িত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন প্রকল্পটিতে অর্থায়ন করছে। চুক্তির অধীনে পাটের ক্ষুদ্র ও মাঝারি বহুমুখী পণ্য উৎপাদকদের জন্য মাইডাসে একটি ‘বিজনেস ফ্যাসিলিটেশন ইউনিট’ স্থাপন করা হবে এবং তাদের সহায়তা দেওয়ার জন্য এটি নিয়োজিত থাকবে।চুক্তিতে স্বাক্ষর করেন মাইডাসের মহাব্যবস্থাপক মাশিউর রহমান, তরঙ্গের নির্বাহী পরিচালক কোহিনুর ইয়াসমিন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের প্রকল্প সমন্বয়কারী ইসমাত জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম ও রুরাল সার্ভিস গ্রুপের দল ব্যবস্থাপক তামান্না শারমিন নাহার। বিজ্ঞপ্তি।