পাটের বাজারে ধস, কৃষকের মাথায় হাত
যশোরের কেশবপুরে হঠাৎ করে পাটের দাম পড়ে গেছে। চার মাসের ব্যবধানে পাটের দাম মণপ্রতি ৬০০ টাকা কমেছে। পাটের দাম কমে যাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন। বিদেশিরা পাট না নেওয়ায় দাম কমে যাচ্ছে বলে ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা মনে করছেন। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি মণ পাট এক হাজার ১০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার তিন গুণ বেশি অর্থাৎ তিন হাজার ৭৪৮ মেট্রিক টন পাট উৎপাদিত হয়েছে।মজিদপুর গ্রামের কৃষক জাহান আলী বলেন, ইতিপূর্বে এক হাজার ৭০০ টাকা দরে পাট বেচলেও এখন ব্যবসায়ীরা এক হাজার ২০০ টাকার বেশি দিতে চাইছেন না। একই গ্রামের কৃষক সুকুমার দাস বলেন, ‘বেশি দাম পাওয়ার আশা করতে গিয়ে ফেঁসে গেছি। এক হাজার ৮০০ টাকার প্রতি মণ পাট গত বুধবার এক হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।’ তিনি বলেন, পৌষ মাসে যে পাট প্রতি মণ এক হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে, সেই পাট এখন এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ইতিপূর্বে বেশি দামে পাট কিনে লোকসানের মধ্যে আছেন। বর্তমানে কিছুটা কম দামে পাট কিনে লোকসানের ভাগ কমানোর চেষ্টা করছেন। কেশবপুর বাজারের ব্যবসায়ী নব কুমার সাহা জানান, বড় ব্যবসায়ীরা পাট না কেনায় দাম কমে গেছে। কেশবপুরের উৎপাদিত পাট খুলনা এবং ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারেও বিক্রি হয়। চুকনগর বাজারের ব্যবসায়ী প্রহ্লাদ ব্রহ্ম জানান, হঠাৎ করে রপ্তনিকারকেরা পাট কেনা বন্ধ করে দিয়েছেন। তাছাড়া পাটকলগুলো ইতিমধ্যে তাঁদের চাহিদামতো পাট কিনে ফেলেছেন। সর্বোপরি এ বছর পাট বেশি উৎপাদন হয়েছে। সে কারণে পাটের বাজারে ধস নেমেছে। পাট রপ্তানিকারক খুলনার আকুঞ্জি ব্রাদার্সের হারুন আকুঞ্জি বলেন, কিছু অসৎ রপ্তানিকারক চীনে ভেজা ও নিম্নমানের পাট রপ্তানি করায় চীন আমাদের দেশ থেকে আর পাট নিতে চাইছে না। তাঁর মতে, এটাই দর পতনের মূল কারণ।