ছয়টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার না করলে উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে ব্যাংকঋণ দেওয়া হবে না। পণ্য ছয়টি হলো: ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনে উল্লিখিত ছয়টি পণ্যের মোড়কে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এই সিদ্ধান্তের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ছয়টি পণ্য তথা ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে ঋণ বিতরণকালে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করে ব্যাংকগুলোকে শর্ত দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা জারি করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে মন্ত্রণালয়ে গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়ার সময় ছয়টি পণ্যের জন্য প্লাস্টিকের ব্যাগ উৎপাদন ও সরবরাহ না করার শর্ত দেওয়া হবে। খাদ্য অধিদপ্তর অটো রাইস, হাসকিং মিল ও চাতালমালিকদের লাইসেন্স দেওয়ার সময় পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করে শর্ত দেবে। কেউ শর্ত ভঙ্গ করলে তার উৎপাদন ও সরবরাহ করার লাইসেন্স বাতিল করা হবে।
ক্রেতার চাহিদা অনুযায়ী পাটের বস্তার উৎপাদন ও সরবরাহ করার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিজেএমসি এবং বিজেএমএকে নিশ্চিত করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোকে পাঁচ কেজি ও তদূর্ধ্ব পরিমাণ ধান, গম, ভুট্টা, বীজ ও সার মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে। একইভাবে শিল্প মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোকে ইউরিয়া ও নন-ইউরিয়া সার এবং চিনি মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলেছে, বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র দেওয়ার সময় নির্ধারিত ছয়টি পণ্য মোড়কীকরণের জন্য পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করে শর্ত দেবে। শর্ত ভাঙলে আমদানি নিবন্ধন সনদ এবং রপ্তানি নিবন্ধন সনদ বাতিল করা হবে।
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ অক্টোবর থেকে ছয়টি পণ্য মোড়কীকরণে বাধ্যতামূলক পাটের ব্যাগ ব্যবহার বিষয়ে সপ্তাহব্যাপী প্রচারণা চালানো হবে। এ ছাড়া সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশে সড়ক-মহাসড়কে, চাল উৎপাদনকারী এলাকাসহ ঢাকার প্রবেশমুখে স্বরাষ্ট্র, বন ও পরিবেশ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র্যাবের সহায়তায় অভিযান চালানো হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের বলেন, অভিযান পরিচালনার সময় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসব সিদ্ধান্তের কারণ জানিয়ে পাট প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, পাট পরিবেশবান্ধব। প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের ফলে নদী-নালা, খাল-বিল, এমনকি ঢাকার ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। পরিবেশ দূষণ হচ্ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে। তিনি বলেন, পাট ও পাটপণ্যের ব্যবহার না থাকায় সরকারি ও বেসরকারি পাটকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে পাটের রপ্তানি নির্ভরতা কমবে এবং অভ্যন্তরীণ ব্যবহার বাড়বে। এ ছাড়া দেশের পাটচাষিরা পাট চাষে উৎসাহ পাবেন এবং পাটকলগুলো পুরোদমে চালু হবে।