আগামী মৌসুমের জন্য প্রতি মণ পাটের সর্বনিম্ন মূল্য দুই হাজার টাকা করাসহ সাত দফা দাবি জানিয়েছেন পাটচাষি ও ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী ও পাটচাষি সমিতির আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় এ দাবি তোলা হয়।
সভায় ব্যবসায়ী ও চাষিরা সরকারের কাছে তাঁদের পাওনা ২৫০ কোটি টাকা দ্রুত পরিশোধ করার দাবি জানান। এতে বিশেষ অতিথির বক্তব্যে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ পাট খাতের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার প্রস্তাব করেন।
শ্রমিকনেতা শহিদুল্লাহ চৌধুরী দেশের পাট খাতের করুণ দশার জন্য ভারতের বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাকে দায়ী করে বলেন, ‘এ কারণে আমরা অন্য বাজারগুলো হারিয়েছি।’ তিনি বলেন, পাটকল পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় ও বেশি দামে পাট কেনা চললে এ খাত কখনোই লোকসানের চক্র থেকে বের হতে পারবে না।
ফরিদপুর থেকে আসা পাটচাষি আবদুল লতিফ লাল বলেন, ‘ছয় মাস আগে সরকারি কলে পাট দিয়েছি। এখন পর্যন্ত টাকা পাইনি। একদিকে ব্যাংকের সুদ বাড়ছে আর অন্যদিকে টাকার অভাবে সন্তানের পড়ালেখা ও চিকিৎসার খরচ জোগাড় করতে পারছি না।’
নড়াইল থেকে আসা পাটচাষি ডলি বেগম বলেন, ‘অর্থমন্ত্রী পাট খাতকে বিসর্জন দিতে চান।...ওনার বাড়ি সিলেট। সেখানে পাট হয় না। তাই উনি পাটচাষিদের দুঃখ ও পাটের মর্ম বুঝবেন না।’
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, কৃষকের হাতে যখন পাট থাকে তখন বিজেএমসির কাছে তা কেনার টাকা থাকে না। আর ওই পাট যখন ফড়িয়া ও ব্যবসায়ীদের হাতে গিয়ে দাম বেড়ে যায় তখন বিজেএমসি সরকারের কাছ থেকে টাকা পায় ও পাট কেনা শুরু করে। প্রতিমন্ত্রী বলেন, এতে চাষি ও সরকার দুই পক্ষই লোকসানের শিকার হয়। চাষিদের পাওনা আগামী পাট ক্রয় মৌসুমের আগে পরিশোধ করে মৌসুমের শুরুতেই নগদ টাকায় চাষিদের কাছ থেকে পাট কেনা হবে বলে জানান তিনি।
বিজেএমসির চেয়ারম্যান সাবেক মেজর জেনারেল হুমায়ুন খালিদ বলেন, ২০০৯ সালে যখন বন্ধ পাটকলগুলো চালু হয়, তখন থেকে সেখানে প্রয়োজনের চেয়ে বেশি শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রতি সপ্তাহে ৮২ হাজার শ্রমিককে ১৮ কোটি টাকা মজুরি পরিশোধ করতে হয় উল্লেখ করে তিনি বলেন, পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করার আইন বাস্তবায়ন হলে পাট খাত এই সংকটে পড়ত না।
ক্ষুদ্র পাট ব্যবসায়ী ও পাটচাষি সমিতির সভাপতি ইউনুস মিঞার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আরও কিছু পাটচাষি ও ব্যবসায়ী।