পাঠ বন্ধ করে মাঠে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিডি উচ্চবিদ্যালয়ে লেখাপড়া বন্ধ করে এর মাঠে আয়োজন করা হয়েছে এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ দান অনুষ্ঠানের। গতকাল সোমবার আয়োজিত অনুষ্ঠানে ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও আশপাশের বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।
পল্লীবিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দীনেশপাড়া ও নারগুন ইউনিয়নের নালার হাট এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন অনুষ্ঠান গতকাল বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়।
বিডি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী জানান, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিডি উচ্চবিদ্যালয় একই চত্বরে অবস্থিত। কয়েক দিন আগে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বনি আমিন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র বর্মণ ওই মাঠে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য তাঁর কাছে অনুরোধ করেন। গতকাল সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলে বেলা ১টা পর্যন্ত। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে আশেপাশের কয়েকটি বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষার্থীদেরও উপস্থিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতিরি মহাব্যবস্থাপক ইনছার আলী। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। এ ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ, বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বনি আমিন প্রমুখ বক্তব্য দেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক বলেন, গতকাল তিনি তাঁর চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে নতুনপাড়া মাদ্রাসায় গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন, মাদ্রাসায় কোনো শিক্ষার্থী নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, শিক্ষকেরা শিক্ষার্থীদের বিডি উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে নিয়ে গিয়েছেন। পরে তিনি সেখানে গিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করেন। ওই যুবক আরও বলেন, ‘অনুষ্ঠানে গিয়ে দেখতে পাই সেখানে বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রোতাদের সারিতে বসে আছে।’
বিডি উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, গতকাল ক্লাস হওয়ার কথা ছিল। স্কুলে এসে দেখে মাঠে মাইক বাজছে। শিক্ষকেরা তাদের না পড়িয়ে অনুষ্ঠানস্থলে গিয়ে বসে থাকতে বলেন।
পূর্ব বেগুনবাড়ি নতুনপাড়া মাদ্রাসা থেকে শিক্ষার্থী নিয়ে যাওয়া হয় অনুষ্ঠানে। এ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবদুল মতিন বলেন, ‘ওই অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রছাত্রীরা গিয়েছিল কি না, তা আমার নজরে নেই। তবে অনুষ্ঠানে আমি গিয়েছিলাম।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের লেখাপড়া বন্ধ রেখে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া ঠিক হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বনি আমিন বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জানাতে বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনা হয়েছিল। এতে তেমন কোনো সমস্যা হয়নি বলে মত প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে কথা বলতে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।