পাঠক মেলায় আপনিও আমন্ত্রিত

১৬ বছর পেরিয়ে ১৭তম বছরে পথচলা শুরু করেছে প্রথম আলো। অনেক চড়াই-উতরাই পেরিয়ে সত্য প্রকাশে অবিচল থেকে প্রথম আলো পেয়েছে অগণিত পাঠকের ভালোবাসা, স্থান করে নিয়েছে তাঁদের অন্তরে, যা কোনো সংবাদপত্রের জন্য অত্যন্ত ঈর্ষার বিষয়।
গত ১৬ বছরে এক অনন্য উচ্চতায় পৌঁছানোর আনন্দ শুধু প্রথম আলোর একার নয়; দেশ-বিদেশের অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, সংবাদপত্র বিক্রেতা, শুভানুধ্যায়ী—এক কথায় সবার। তাই সবাইকে নিয়েই প্রথম আলোর এই বর্ষপূর্তির আয়োজন।
তবে সবকিছুর কেন্দ্রে আছেন পাঠকেরাই। এরই অঙ্গ হিসেবে আগামী শুক্রবার (৭ নভেম্বর) দিনভর এক ব্যতিক্রমী আনন্দ উত্সবেরও আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী ‘উত্সব ষোলো আনা’ শুরু হবে সকাল ১০টা থেকে। শুরুতেই থাকবে গান। ১০ বছর পর এ দেশকে আপনি কোথায় দেখতে চান, সে কথাই পাঠকেরা বলবেন ‘২০২৪: বাংলাদেশ’ নামে এক ভিন্নধর্মী আয়োজনে। বেলা তিনটায় থাকবে স্বপ্নের বাংলাদেশ নিয়ে একটি নাটক, পরিবেশন করবে প্রাচ্যনাট।
এবার পাঠকেরা সরাসরি পেয়ে যাবেন প্রথম আলোর সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের এবং তা মুখোমুখি। কৌতূহলী পাঠকদের প্রশ্নের জবাব দেবেন তাঁরা। বিকেল সাড়ে চারটা থেকে আবার গানের পালা। এ পর্বে উত্সবে অংশগ্রহণকারীদের জনপ্রিয় গান শোনাবেন দেশের বিশিষ্ট শিল্পীরা। চলবে সন্ধ্যা পর্যন্ত।
উত্সব উপলক্ষে একাডেমির চত্বর সাজানো হবে বর্ণাঢ্য সজ্জায়। মূল মঞ্চ ছাড়াও চত্বরজুড়ে থাকবে বেশ কিছু সুদৃশ্য স্টল। এসব স্টলে থাকবে বিউটি টিপস, মেহেদি পরানো, রান্নার টিপস। বিশেষ আকর্ষণ নকশার মডেল হওয়ার সুযোগ। এর বাইরে তারকাদের অটোগ্রাফ, তাঁদের সঙ্গে আড্ডা, সেলফি তোলার সুযোগ তো থাকছেই।
এ ছাড়া বর্ধমান হাউসের পশ্চিম পাশে থাকবে কিডস কর্নার, অ্যাডভেঞ্চার ও সেলফি জোন। আরও থাকবে প্রথম আলোর ১৬ বছরে নির্মিত প্রামাণ্যচিত্র, অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রদর্শনী। থাকছে খাবারের ব্যবস্থা আর পুকুরের পাশে ফুডজোন।
বইপ্রেমীদের জন্য ২৫ থেকে ৬০ ভাগ কমিশনে বই ও সাময়িকী দেবে প্রথমা প্রকাশন।
পুরো অনুষ্ঠান সম্প্রচার করবে চ্যানেল নাইন।
পাঠকের এ উত্সবে সবাই আমন্ত্রিত, সবার জন্য উন্মুক্ত। ষোলো আনা আনন্দে ভাসতে চলে আসুন আপনিও।