প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে সুধী সমাবেশ
পাঠককে সঙ্গে নিয়ে এগোনোর প্রত্যয়
শীতের বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। একে একে অনুষ্ঠানস্থলে আসছেন আমন্ত্রিত অতিথিরা। সন্ধ্যা সাতটায় পরিপূর্ণ অনুষ্ঠানস্থল রাজশাহী নগরের উত্তরা কমিউনিটি সেন্টার। প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রের সুধীজন ও পাঠকদের নিয়ে গতকাল রোববার এখানেই আয়োজন করা হয় সুধী সমাবেশের।
পারস্পরিক কুশল বিনিময়, গল্প-আড্ডা আর গানে আনন্দঘন সন্ধ্যা উপভোগ করেন প্রথম আলোর রাজশাহীর পাঠক-সুধী ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানস্থলে অতিথিদের স্বাগত জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। রাজশাহীর জনপ্রতিনিধি, রাজনীতিক, অধ্যাপক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী, ব্যবসায়ী, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের সুধীজনদের উপস্থিতিতে সন্ধ্যা সাতটায় শুরু হয় মূল আয়োজন।
অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।
অনুষ্ঠানের শুরুর দিকে প্রথম আলোর ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত অদম্য মেয়েরা নামের প্রামাণ্যচিত্রটি দেখানো হয়। ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের ছাত্রীরা দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনূর্ধ্ব-১৪ বছর মেয়েদের জাতীয় ফুটবল দলের ১০ জন এই স্কুলের। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এই মেয়েদের ১০ জন নেপালে খেলতে গেছে। প্রথম আলোতেই বিশদভাবে প্রকাশিত হয়েছিল তাদের কথা।
একপর্যায়ে মঞ্চে আসেন বিশিষ্ট কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হক। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি ভাষা আন্দোলন করিনি? স্বাধীনতার জন্য রক্ত দিইনি? সেটা কি ছেড়ে দেওয়ার জন্য? আমি আমার সন্তানসন্ততি নিয়ে সারা জীবন দুশ্চিন্তা করব সেই জন্য? ছেলেমেয়েদের ভালো থাকার জন্য দেশের বাইরে পাঠিয়ে দিয়ে আমরা গর্ব করে বলছি, আমার ছেলে আমেরিকায় থাকে। এটা কি গর্বের কথা! এটা তো লজ্জার কথা।’
হাসান আজিজুল হক বলেন, ‘আমার ছেলেকে, আমার ছেলের প্রতিভাকে এই দেশ জায়গা দিতে পারেনি। তার যোগ্য হয়ে উঠতে পারেনি। এই দেশকে, এই সমাজকেও কিন্তু যোগ্য হয়ে উঠতে হবে তার নাগরিকদের জন্য। কিন্তু আমি আশা ছাড়ি না।’
হাসান আজিজুল হক আরও বলেন, প্রথম আলো ১৭ বছরে এসে ৫৫ লাখ পাঠক হয়েছে তাদের। বাংলাদেশের প্রেক্ষাপটে এই অর্জন কম নয়। অনেকেই বলে এই কাগজ তো নিরপেক্ষ খবর দেয়। পৃথিবীতে কোনো কিছুই নিরপেক্ষ নয়। যদি পুরো কাগজটা ১৭ কোটি মানুষের পক্ষে কাজ করে তবে তা নিরপেক্ষ হবে।
অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘পত্রিকা মানেই সত্য কথা বলা। যে কথাগুলো হয়তো সবার ভালো লাগবে না। আমরা সেটা বলার চেষ্টা করি। বাংলাদেশের মতো অসহিষ্ণু একটা জনপদে এ ধরনের কাজ করা খুবই কঠিন।’ ঢাকার বাইরে গিয়ে পাঠকদের সঙ্গে সরাসরি কথা বলার এই পর্ব রাজশাহী থেকে শুরু হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের একটি দিকে এখন উদ্বেগ। আবার বিপরীত দিকে অনেক সংকট পেরিয়ে স্বপ্নপূরণের অসংখ্য গল্প। এই দুই বাংলাদেশের মধ্যে যেটার পাশে আমরা সবাই মিলে দাঁড়াব, সেই বাংলাদেশ এগিয়ে যাবে।’
সাজ্জাদ শরিফ আরও বলেন, ‘পত্রিকার একটি কাজ হচ্ছে ক্ষমতাধরদের পাহারা দেওয়া। কিন্তু আমরা যখন ক্ষমতাধরদের চোখে চোখে রাখি, সব সময় সেটা প্রীতিকর হয় না। কাজটা করতে গিয়ে আমাদের অনেক চাপ আছে। সেই চাপটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। পাঠকদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’
বক্তব্যের পর্ব শেষে পাঠকদের মুখোমুখি হন সাজ্জাদ শরিফ, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামান ও নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। প্রথম আলো নিয়ে পরামর্শ গ্রহণের পাশাপাশি উপস্থিত পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা। শিল্পী মাহমুদুজ্জামান বাবুর কণ্ঠে তিনটি গান দিয়ে শেষ হয় অনুষ্ঠানের। এরপর নৈশভোজে যোগ দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহীর ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, সমাজসেবী শাহীন আক্তার প্রমুখ।
ঢাকায় থাকায় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু মুঠোফোনে শুভেচ্ছা জানান।