পাঠকদের অনুরোধে সেই আমিনা বেওয়ার নামে ব্যাংক হিসাব
‘অমানবিক’ শিরোনামে ১৯ জানুয়ারি প্রথম আলোর শেষের পাতায় প্রকাশিত সচিত্র প্রতিবেদনটিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। দেশ-বিদেশের অনেক পাঠক প্রতিবেদনটি পড়ে হেফায়জুল ইসলামের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন। অনেকে তাঁর মা আমিনা বেওয়ার নামে একটি ব্যাংক হিসাব খুলে দেওয়ার অনুরোধ করেছেন।এই অনুরোধের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার আমিনা বেওয়ার নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। এর সঞ্চয়ী হিসাব নম্বর ৬৬১৭, সোনালী ব্যাংক লি., মীরগঞ্জ শাখা, জলঢাকা, নীলফামারী। প্রয়োজনে ০১৭১৩২০১৫৩৯ নম্বরে প্রথম আলোর নীলফামারী প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাবে।আমিনা বেওয়ার প্রতিবেশী মো. তারেকুজ্জামান জানান, সংবাদটি পড়ে একটি বেসরকারি সংস্থার প্রতিনিধি ও এক প্রবাসীর স্বজন এসে ছেলেটির খোঁজখবর নিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও আসছেন। প্রথম আলো অনলাইনের পাঠক সিডনি-প্রবাসী আবুল সরকার ও নিউইয়র্ক থেকে নাফিজ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঢাকার বারিধারার নাহিদ হক, চট্টগ্রামের আবদুল লতিফ, গাজীপুর থেকে আফরোজা বেগমসহ আরও অনেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁদের অভিমত, আমিনা বেওয়াকে কোনো আয়বর্ধক কাজে যুক্ত করে স্বাবলম্বী করতে পারলে তাঁকে আর ছেলেকে বেঁধে রেখে ঝিয়ের কাজে যেতে হবে না।নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী গ্রামের ভূমিহীন স্বামীহারা আমিনা বেওয়া (৫০) তাঁর একমাত্র প্রতিবন্ধী ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রতিদিন অন্যের বাড়িতে ঝিয়ের কাজে যান। কাজ শেষে যা জোটে, তা ছেলেকে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েন।