পাঠকের দরজায় ৩৬ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনোই ঘড়ির অ্যালার্মের প্রয়োজন পড়েনি। ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে বেরিয়েছি। দীর্ঘ তিন যুগ ধরে এই নিয়মেই চলেছি। ভোরে পত্রিকার প্যাকেট খোলার পর তাজা পত্রিকার ঘ্রাণ নেওয়ার মধ্য দিয়ে আমার দিন শুরু। ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকা, সেকশন ১ ও ১২ এবং ক্যান্টনমেন্ট-ডিওএইচএস এলাকায় ঘুরে ঘুরে পাঠকদের হাতে পত্রিকা পৌঁছে দিচ্ছি তিন দশক ধরে। তীব্র শীত কিংবা ঝুম বৃষ্টি কিংবা ঝড়ের তাণ্ডব কিছুই আমাকে ঘরে আটকে রাখতে পারেনি।

ঝালকাঠিতে আমার জন্ম। গ্রামে পড়াশোনার পাশাপাশি কৃষক বাবার কৃষিকাজে সহযোগিতা করতাম। পারিবারিক আর্থিক সংকটের কারণে আত্মীয় ও পত্রিকা ব্যবসায়ী আনিসুর রহমানের হাত ধরে ১৯৮৮ সালে মার্চে ঢাকায় আসি। প্রথম দুই বছর কর্মচারী হিসেবে কাজ করলেও পরে মাত্র ৬৫ কপি পত্রিকা দিয়ে আমার হকারজীবনের যাত্রা শুরু। করোনার আগে প্রতিদিন সাড়ে চার হাজার পাঠকের বাসায় পত্রিকা পৌঁছে দিতাম। করোনায় সংখ্যা কিছুটা কমেছে।

ঢাকায় পত্রিকার কাজ করার পাশাপাশি ১৯৮৯ সালে গ্রামে গিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আর্থিক সংকটের কারণে লেখাপড়া আর এগোয়নি। পত্রিকার ব্যবসায় আমার অধীনে ২১ জন কর্মচারী কাজ করেন। কেউ অনুপস্থিত থাকলে তাঁর কাজটি আমি নিজেই করে দিই।

২০২০ সালে করোনাকালে কঠিন সংকটে পড়েছিলাম। মিরপুর ক্যান্টনমেন্ট ও ডিওএইচএস এলাকায় ছয় মাস পত্রিকা নিয়ে ঢুকতে পারিনি। পাশাপাশি অনেক পাঠক ভয়ে সাময়িকভাবে পত্রিকা রাখা বন্ধ করে দেন। আমাদের তখন সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তবু হাল ছাড়িনি। এক দিনের জন্যও পত্রিকা সরবরাহ বন্ধ করিনি। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পাঠকদের বাসায় গিয়ে গিয়ে অনুরোধ করি। পাঠকদের আবার পত্রিকা পড়তে উদ্বুদ্ধ করি।

পত্রিকার ব্যবসা করেই দুই ছেলে ও দুই মেয়েকে আমি পড়াশোনা করিয়ে গড়ে তোলার চেষ্টা করছি।

সংবাদপত্রশিল্পের কঠিন সময়ে হকারদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তবে বিভিন্ন পেশাজীবীর আয় বাড়লেও হকারদের আয় দিন দিন কমছে, এটাই এখন বড় দুশ্চিন্তা। তবু আশায় আছি, আবার সংবাদপত্রের সঙ্গে সঙ্গে আমাদেরও সুদিন আবার ফিরে আসবে।

অনুলিখন: শেখ মামুন