পাঠকের নতুন ভুবন: ই-বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমির মূল চত্বরের পুকুরপাড়ের উত্তর দিকে পাশাপাশি কয়েকটি স্টল। সংখ্যায় পাঁচটির বেশি হবে না। নাম ‘বেঙ্গল ই-বই’, ‘সেই বই’, ‘বই ঘর’ ইত্যাদি। সেখানে পাওয়া যাচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত ই-বই। রয়েছে বইয়ের গ্রাহক হওয়ার সুযোগও।
ই-বই হচ্ছে যান্ত্রিক পর্দায় পড়ার উপযোগী বই। কাগজে ছাপা প্রচলিত বইয়ের বিকল্প হিসেবে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই প্রযুক্তির বই। বইয়ের ডিজিটাল জগৎ সম্পর্কে জানতে বইমেলায় পাঠকেরা ই-বইয়ের স্টলগুলোতে ভিড় করছেন। বিনা মূল্যে এবং দাম দিয়ে—দুভাবেই বইয়ের গ্রাহক হচ্ছেন অনেকে।
এবারের বইমেলায় বেঙ্গল ফাউন্ডেশন ২৫০টি, সেই বই ৩৫০টি এবং বই ঘর ১০০টি ই-বই এনেছে। ই-বই পড়ার জন্য স্টলগুলোতে রয়েছে কয়েকটি ল্যাপটপ, অ্যান্ড্রয়েড অ্যাপযুক্ত মোবাইল ফোন ও কিন্ডল।
অল্প কিছু ই-বই বিনা মূল্যে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু বেশির ভাগ ই-বই দাম দিয়ে কিনে পড়তে হবে। আকার, লেখক এবং পাঠকপ্রিয়তার বিবেচনায় ‘বেঙ্গল ই-বই’ ১০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত নিচ্ছে পাঠকদের কাছ থেকে। আর ‘বই ঘর’ প্রথমবারের মতো প্রচারের জন্য বইপ্রতি নিচ্ছে মাত্র ১০ টাকা করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম প্রমুখের লেখা বই পাওয়া যাচ্ছে এসব স্টলে। সমকালীন ইমদাদুল হক মিলন, মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হকসহ সব জনপ্রিয় লেখকদের বইও রয়েছে। আরও আছে ওপার বাংলার সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়দের বইও।
বইগুলো পিডিএফ, ই-পাব এবং মোবি—তিনটি ফরম্যাটে পড়া যাবে। অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব, আইফোন বা আইপ্যাড, নুক, সনি রিডারের জন্য ই-পাব এবং কিন্ডলের জন্য মোবি ভার্সন তৈরি করা হয়েছে। ল্যাপটপ বা ডেস্কটপে পড়ার জন্য আছে পিডিএফ।
আয়োজকদের আশা, আগামী বছর ই-বইয়ের সংখ্যা দ্বিগুণ বা তিন গুণ হয়ে যাবে, মেলায় ই-বইয়ের স্টলসংখ্যাও বাড়বে।
বাড়িতে ডেস্কটপ বা ল্যাপটপে ই-বই পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র সুমগ্ন আহমেদ। ঘরের বাইরে পড়েন স্মার্টফোনে। তিনি বলেন, বই পড়াকে সহজ ও অবারিত করে দিয়েছে ই-বই।
ইডেন কলেজের ছাত্রী ইমানা আলম, লালমাটিয়া মহিলা কলেজের ছাত্রী লিসেন্ডা হালসুনা, চিকিৎসক কামরুল ইসলামসহ অন্তত ১০ জনের সঙ্গে কথা হলো। তাঁরা জানালেন, অবসরে বা ভ্রমণে ই-বই পড়া খুবই সহজ ও আনন্দদায়ক। কাগুজে বইয়ের তুলনায় ই-বইয়ের দামও কম। অনেকের কাছেই এ বই পড়ার অভিজ্ঞতা নতুন।
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বললেন, ‘সময়ের সঙ্গে প্রযুক্তিকে আমাদের স্বাগত জানাতেই হবে। ই-বই আমাদের চিরায়ত প্রকাশনাকে ক্ষতিগ্রস্ত করবে না। কারণ, মুদ্রিত বই হাতে নেওয়ার মজাই আলাদা, বইয়ের আবেদন কখনো নষ্ট হওয়ার নয়।’
আমাজন আনুষ্ঠানিকভাবে কিন্ডল নামে ২০০৭ সালে একটি ই-বুক রিডার বাজারে আনে। এরপর বাজারে আসে অ্যাপল, কোবো, বার্নস অ্যান্ড নোবেল, সনি রিডার প্রভৃতি। শুধু মাইক্রোসফট ওয়ার্ড বা পিডিএফ ভার্সনে নয়, বই বিষয়টিকে যে বইয়ের মতো করেই (ই রিডারে) পাঠকের সামনে তুলে ধরা যায়, তা আমাজনই প্রথম বোঝাতে পেরেছে বিশ্ববাসীকে।
বেঙ্গল পাবলিকেশনের (ই-বই) হেড অব বিজনেস অপারেশনস আসকর ইবনে ফিরোজ বলেন, ই-বই বিশ্ব বইয়ের বাজারে সুপরিচিত হলেও দেশে নতুন। সম্প্রতি হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ই-বই প্রকাশের উদ্যোগ নিয়েছে। গত ২২ জানুয়ারি বেঙ্গল ই-বইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত বাংলা ভাষার ৫৩ জন কবি-সাহিত্যিক-লেখকের সঙ্গে ই-বই প্রকাশের চুক্তি করেছে।
কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, সম্প্রতি বেঙ্গলের সঙ্গে তাঁর ৭০টি বইয়ের এবং ‘বই ঘর’-এর সঙ্গে মা বইটি ই-বই আকারে প্রকাশের চুক্তি হয়েছে। তাদের দেওয়া লেখক সম্মানীও ভালো। আগামী ১০ বছরের মধ্যে বই পড়ার একটি বড় অংশ অনলাইন ও ই-বইভিত্তিক হয়ে যাবে বলে আশা করেন তিনি।
অবশ্য ছাপা বইয়ের কয়েকজন প্রকাশক ই-বইয়ের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানালেন। সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ বলেন, ই-বইয়ের সম্ভাবনার ব্যাপারে এখনই চট করে কিছু বলা সম্ভব নয়। এটি কেবল যাত্রা শুরু করেছে, যা এখনো শৃঙ্খলার মধ্যে আসেনি।
ইউপিএলের প্রকাশক মহিউদ্দিন আহমদ বলেন, তাঁদেরও ই-বই প্রকাশের পরিকল্পনা রয়েছে। একই পরিকল্পনার কথা জানালেন মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক ও প্রথমা প্রকাশনের চিফ কো-অর্ডিনেটর জাফর আহমেদ।
বাংলাদেশে ৩০ জানুয়ারি ওকে মোবাইল নামের একটি প্রতিষ্ঠান একুশে-ই-বুক নামে একটি অ্যাপ বাজারে এনেছে। এতে ইমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেনের ৩০টি বই যুক্ত করা হয়েছে। এখন স্মার্টফোন-ট্যাবকে লক্ষ্য করে তৈরি করা হচ্ছে ই-বই পড়ার অ্যাপস।
মেলার ই-বইয়ের স্টলগুলোর দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে কিছু সমস্যার কথাও শোনা গেল। প্রত্যেকেই জানালেন, পছন্দের লেখকদের সঙ্গে চুক্তি, লাইসেন্স পাওয়া এবং কপি পাইরেটেড হওয়ার মতো বড় চ্যালেঞ্জ তাঁদের মোকাবিলা করতে হচ্ছে। ই-বইয়ের দাম দেওয়ার বিষয়টি অনলাইনে হওয়ায় অনেক গ্রাহক এখনো এতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তবে কেউ কেউ বিকাশ ও ভিসা কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করছেন।