খবরের সঠিক পর্যালোচনার মাধ্যমে পাঠক গণমাধ্যমকে দায়িত্বশীল করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। পাঠকের সংবাদ-সজ্ঞানতা ও একটি সংবাদকে সঠিকভাবে বিশ্লেষণ করার দক্ষতা অর্জনে সংবাদমাধ্যমেরও একটি বড় ভূমিকা রয়েছে। গতকাল রোববার ঢাকায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এমআরডিআই আয়োজিত ‘পাঠকের সংবাদ-সজ্ঞানতা এবং খবরে নীতি-নৈতিকতা’ শীর্ষক একটি মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
মতবিনিময় সভায় সংবাদ-সজ্ঞানতা সৃষ্টি ও পাঠকের সচেতনতা বৃদ্ধির জন্য পৃথক পাঠক ফোরাম গঠন ও সদস্যদের এ বিষয়ে প্রশিক্ষণ, ফোরাম কর্তৃক গণমাধ্যম পর্যবেক্ষণ, দ্বিপক্ষীয় আলোচনা, দর্শক বা পাঠকের মতামত প্রদানের সুযোগ সৃষ্টি, অনলাইন প্ল্যাটফর্ম গঠন, স্কুলপর্যায়ের পাঠক্রমে বিষয়টির অন্তর্ভুক্তিসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমআরডিআইর অ্যাডভাইজর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট মো. সাহিদ হোসেন। আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন ইনফোকাসের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন।
অধ্যাপক মিজানুর রহমান বলেন, সংবাদ-সজ্ঞানতা বর্তমান যুগে একটি আলোচিত বিষয়। সংবাদ বিষয়ে পাঠকের সমালোচনামূলক চিন্তার বহিঃপ্রকাশ শুধু পাঠকের সংবাদ-সজ্ঞানতা বৃদ্ধিতে সহায়কই হবে না, বরং এর ফলে গণমাধ্যম নিজের উৎকর্ষের পথও খুঁজে পাবে। স্কুলপর্যায়ে সার্বিক নীতি-নৈতিকতা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিশুরা সার্বিক নীতি-নৈতিকতার শিক্ষা পেলে গণমাধ্যমের নীতি-নৈতিকতাও তারা বুঝবে। এভাবে আমরা একটা সংবাদ-সজ্ঞান প্রজন্ম পেতে পারি। বিজ্ঞপ্তি।