
বলা যাবে না ‘উপচে পড়া ভিড়’। কিন্তু টিএসসির দিক থেকে ধাবমান মানুষের স্রোত বুঝিয়ে দিচ্ছিল, বইমেলায় আছে প্রাণের উত্তাপ। শেষ বিকেলের নিস্তেজ সূর্যের ম্লান আলো শরীরে মেখে নিরাপত্তার দরজা পার হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে মন হয়ে উঠল চনমনে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্টলগুলোয় রয়েছে মানুষের আনাগোনা। কয়েকটি স্টলে তো একসঙ্গে অনেক মানুষের ভিড়।
ঠিক করেছিলাম, আজ তাঁদের সঙ্গেই কথা হবে, যাঁদের হাতে থাকবে বইয়ের থলে। লক্ষ্য স্থির করার সঙ্গে সঙ্গেই দেখি, তিন-চারটি বইয়ের থলে হাতে নিয়ে মেলা থেকে বের হচ্ছেন আয়েশা বানু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষক তিনি। উজ্জ্বল মুখে বললেন, বই কেনার জন্য সামাজিক অনুষদ বিভাগের ডিনের কাছ থেকে তিনি ছয় হাজার টাকা পেয়েছেন। সব শিক্ষকের জন্যই এই আয়োজন। তাই কালক্ষেপণ না করে পছন্দের বই কিনে নিয়েছেন। রয়েছে ক্ষুদ্র জাতিসত্তাদের নিয়ে বই দ্য চিটাগং হিল ট্র্যাক্টস, সারভাইভাল অন দ্য ফ্রিঞ্জ: আদিবাসী’জ অব বাংলাদেশ। দুটো বই-ই ইউপিএল থেকে বেরিয়েছে। আরও অনেক বইয়ের মধ্যে খুব প্রিয় একটি বই কিনেছেন—দ্বিজেন শর্মার শ্যামলী নিসর্গ, কথাপ্রকাশ থেকে।
আয়েশা বানুর সঙ্গেই এসেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রকৌশলী মুশফেক মঞ্জুর। তিনিও কিনেছেন বেশ কিছু বই।
নবযুগ প্রকাশনীতে দেখা গেল, শিহাব সরকারের ভূমিকাসহ একটু আগেই মেলায় এসেছে শহীদ কাদরী কবিতাসমগ্র। কয়েকজন পাঠক তা উল্টেপাল্টে দেখছিলেন।
জার্নিম্যান বুকস-এর সামনে বইয়ের কয়েকটি থলে হাতে এক শিক্ষার্থী।
‘আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? নামটা বলবেন?’
কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে তিনি বলেন, ‘আতেফ আলী।’
‘অনেক বই কিনলেন?’
তাঁর অসহায়ত্ব আরও বাড়ল। ছেলের এই অবস্থা দেখে এগিয়ে এলেন মা শাহীন বানু। বললেন, ‘আমরা অস্ট্রেলিয়ার সিডনি থেকে এসেছি। ৩২ বছর পর এলাম ঢাকার বইমেলায়। আতেফ তো ওখানেই জন্মেছে, তাই বাংলাটা বলে কষ্ট করে।’
আতেফের মুখে কাষ্ঠহাসি। আতেফের বোন পৃথ্বী তখনো বই কিনছেন। দ্য কুয়েস্ট অব জয়নুল আবেদিন বইটিসহ শিল্পকলার ওপর অনেকগুলো বই কিনেছেন তাঁরা।
ইংরেজিতে কথা হয় আতেফের সঙ্গে। তিনি বললেন, মাসজুড়ে একটা বইমেলা হচ্ছে, এটা তিনি অস্ট্রেলিয়ায় বসে কল্পনাও করতে পারেননি। বইমেলার উষ্ণতা তাঁকে খুবই অনুপ্রাণিত করেছে।
কানাডার টরন্টো থেকে আসা আশফিয়া ইকবাল জ্যোতি মেলায় এসেছেন দুই শিশুসন্তানসহ। কিনছেন দেদার। বইয়ের তালিকায় আছে ছোটবেলায় পড়া মজার বইগুলো। মালাকাইটের ঝাঁপি, ঠাকুরমার ঝুলি, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছোটদের গল্প, আলীবাবা ও চল্লিশ চোর। আশফিয়া বললেন, বইমেলার সময় দেশে আসার চেষ্টা করেন।
শওকত আলী কিশোর রচনাসমগ্র এনেছে বিশ্বসাহিত্য ভবন। বর্ষীয়ান এই লেখকের রচনাবলির চতুর্থ ও পঞ্চম খণ্ডও এনেছে তারা এই মেলায়। মো. মরতুজা আলীর সঙ্গে কথা বলার সময় তিনি বললেন, ‘কেবল কেনা শুরু করেছি।’ চেনা অচেনা লালন ও তাঁর সংগীতসমগ্র তিনি কিনেছেন এখানে। নিজে পাবলিক হেলথ ও কমিউনিটি মেডিসিনের অধ্যাপক বলে খুঁজছিলেন রিসার্চ মেথডোলজির পরিভাষা নিয়ে কোনো বই। শুনেছেন বাংলা একাডেমির স্টলে তা পাওয়া যেতে পারে। তিনি মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পড়ান।

আবু মুহম্মদ নামে বর্ষীয়ান এক ভদ্রলোকের সঙ্গে কথা হলো অনেকক্ষণ। বেশ কয়েকটি ব্যাগভর্তি বই নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। চন্দ্রাবতী একাডেমি থেকে কিনেছেন আবুল মাল আবদুল মুহিতের আত্মজীবনীর দুই খণ্ড। প্রথমা থেকে কিনেছেন সবচেয়ে বেশি বই। খুলনার উত্তর ডুমুরিয়ার দেড়ুলি গ্রামে তাঁরা গড়ে তুলেছেন একটি পাঠাগার, ‘আবদুর রহিম মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি’ নামে। তিনি জোর দিয়ে বললেন, ‘আমরা শুধু বাছাই করা বই রাখি। রচনাবলি, বিশ্বকোষসহ ভালো ভালো বই নিয়েই আমরা পাঠাগারটি গড়ে তুলেছি। ২৫০০ বইয়ের মধ্যে একটাও গুণমানহীন বই পাবেন না।’ তাঁর কথা শুনে মন ভরে গেল।
সন্ধ্যার পর বাতি জ্বলে উঠেছে মেলায়। বেরিয়ে আসার আগে দেখি, প্রথমার স্টলে আনিসুল হক আর অনন্যার স্টলে ইমদাদুল হক মিলন একের পর এক অটোগ্রাফ দিয়েই যাচ্ছেন। বই লেখার মতো অটোগ্রাফ দেওয়াটাও তাঁদের কাছে স্বাভাবিক হয়ে গেছে।
সাত দিনে ৫২২টি বই
মেলার সপ্তম দিনে নতুন বই এসেছে ১২১টি এবং ৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মেলায় গতকাল পর্যন্ত সাত দিনে বই এসেছে ৫২২টি।
মেলায় প্রথমা প্রকাশন এনেছে বি ডি হাবীবুল্লাহর শেরেবাংলা এবং মোহিত কামালের সুস্মিতার বাড়ি ফেরা। এর মধ্যে শেরেবাংলা বইটিতে অবিভক্ত বাংলার ও বিভাগ-উত্তরকালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবনালেখ্যই তুলে ধরা হয়েছে।
এ ছাড়া মেলায় অনন্যা এনেছে মুনতাসীর মামুনের উনিশ শতকে পূর্ববঙ্গে ব্রাহ্ম আন্দোলন, অ্যাডর্ন পাবলিকেশন্স এনেছে মাহফুজ উল্লাহর প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবন। নবযুগ এনেছে সন্জীদা খাতুনের রবীন্দ্র বিশ্বাসে মানব অভ্যুদয়, কথাপ্রকাশ এনেছে বেগম আকতার কামালের রবীন্দ্রনাথের ব্রাহ্ম ভাবনা, নালন্দা এনেছে গোলাম কুদ্দুছের কালের ধ্বনি, সময় প্রকাশন এনেছে মাসউদ আহমাদের রুপচানের আশ্চর্য কান্না। ।
বিকেলে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলার ডিজিটাল যাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোস্তাফা জব্বার। আলোচনায় অংশ নেন মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিলুর রেজা চৌধুরী।
সন্ধ্যায় ছিল গানের আসর। আজ বুধবার মেলার অষ্টম দিনে বিকেল চারটায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে সরদার জয়েনউদ্দিনের জন্মশতবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।