শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরিবর্তিত প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে পাঠদান ও পরীক্ষা পদ্ধতি যুগোপযোগী করা হবে। গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। শিক্ষা মূল্যায়ন-২০১২ জরিপ নিয়ে এই কর্মশালার আয়োজন করে মাধ্যমিক শিক্ষার গুণগত মান নিয়ে কাজ করা ‘সেকায়েপ’ প্রকল্প। শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান পদ্ধতিতে শিক্ষার্থীদের পরীক্ষার পেছনে অনেক সময় ব্যয় করতে হচ্ছে। পাবলিক পরীক্ষা চলার কারণে অনেক প্রতিষ্ঠানে দেড়-দুই মাস করে ক্লাস বন্ধ রাখতে হচ্ছে। এতে শিক্ষা গ্রহণের সময় কমে যাচ্ছে। শিক্ষার্থীদের মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতি নিয়ে নতুন করে ভাবতে হবে।’সর্বস্তরের শিক্ষাদান কার্যক্রম সঠিক পথে চলছে কি না, তা নির্ধারণের জন্য মূল্যায়ন জরিপ অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, সেকায়েপ প্রকল্পের পরিচালক শহীদ বখতিয়ার আলম প্রমুখ।