পাঠদান কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্নারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন পরিত্যক্ত ঘোষণা করার পর শ্রেণীকক্ষের সংকট দেখা দিয়েছে। এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের অন্য একটি ভবনে কোনো রকমে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।সম্প্রতি বিদ্যালয়ের মূল ভবনের পলেস্তারা খসে পড়ে তিনজন ছাত্র আহত হয়। এ ঘটনার পর গত রোববার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। এর পর থেকে ওই ভবনে পাঠদান বন্ধ রয়েছে।বিদ্যালয় সূত্র জানায়, ১৯৩০ সালে সাটুরিয়া উপজেলার জান্না গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৭২ সালে এটি সরকারি হয়। ১৯৬৮ সালে চার কক্ষের একটি একতলা ভবন নির্মাণ করা হয়। ১৯৯২ সালে ভবনটি সংস্কার করা হয়। পরে ২০০৬ সালে ওই ভবনের পাশে একটি দোতলা ভবন নির্মাণ করা হয়। এ ভবনের ওপর দুটি শ্রেণীকক্ষ রয়েছে। তবে নিচতলায় কোনো দেয়াল নেই।বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫৩০। সংখ্যা বেশি হওয়ায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীকে দুটি শাখায় ভাগ করে ক্লাস নেওয়া হয়।সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর মূল ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় দুটি শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঝুঁকি নিয়ে অন্য একটি কক্ষে পাঠদান চলছিল। তবে গত রোববার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। এরপর ওই ভবনের সব কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পর থেকে বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট দেখা দিয়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলায় মেঝেতে চট বিছিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষক বুলবুলি চৌধুরী। তিনি জানান, বেঞ্চ না থাকায় শিক্ষার্থীরা মেঝেতে বসে ধুলা-ময়লার মধ্যে ক্লাস করছে।রাজিয়া আক্তার, সুইটি আক্তার, আবু বক্করসহ আরও অনেক শিক্ষার্থী জানায়, বেঞ্চ না থাকায় তাদের চট ও পলিথিনের ব্যাগ বিছিয়ে মেঝেতে ক্লাস করতে হয়। এতে তাদের জামাকাপড় ও বই-খাতায় ধুলাবালু লেগে যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান জানান, বছর খানেক আগে মূল ভবনের পলেস্তারা খসে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। দীর্ঘদিন ধরেই ঝুঁকির মধ্যে ক্লাস নেওয়া হচ্ছিল। গত রোববার ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর থেকে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির হারও কমে গেছে। তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বিশ্বাস জানান, বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. জিয়াউর রহমান জানান, জান্নারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।