পাঠদান কার্যক্রমে বিপর্যয়

বিদ্যালয় চত্বরে ধ্বংসস্তূপ। শ্রেণিকক্ষের টিনের বেড়া দুমড়েমুচড়ে পড়ে রয়েছে। ওপরের ছাউনি উড়ে গেছে। ধসে গেছে ভবনের দেয়াল। দেয়ালে চাপা পড়েছে বেঞ্চ, চেয়ার-টেবিল ও শিক্ষার উপকরণ। ধ্বংসস্তূপ সরিয়ে মাঠের অন্য পাশে অস্থায়ী ঘর বানিয়ে বিদ্যালয়ের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছেন শিক্ষকেরা।
দৃশ্যটি বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী বুরুজ আদর্শগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের। গত শনিবার বয়ে যাওয়া ঝড়ের তাণ্ডবে শুধু ওই বিদ্যালয়টি নয়; গাবতলী ও সারিয়াকান্দির ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম এলোমেলো হয়ে গেছে। কোনো বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে। কোনোটিতে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, শনিবারের ঝড়ে জেলাজুড়ে ২৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সারিয়াকান্দি ও গাবতলীর ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার পথে বগুড়া-সারিয়াকান্দি সড়কের দুই পাশে চোখে পড়ল হাজার হাজার গাছপালা ভেঙে পড়ার দৃশ্য। শত শত বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সমিটার এলাকাজুড়ে এলোমেলোভাবে পড়ে রয়েছে। এসব ধ্বংসস্তূপ ডিঙিয়ে বেলা সাড়ে ১১টায় পৌঁছা গেল বুরুজ আদর্শগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ে। এ সময় প্রধান শিক্ষক আইয়ুব উদ্দিন সহকারীদের নিয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছিলেন।
আইয়ুব উদ্দিন বলেন, ১৯৯৫ সালে এক পাশে টিনের বেড়া ও ছাউনি দিয়ে চারটি এবং অন্য পাশে ইটের দেয়াল তুলে ওপরে ছাউনি দিয়ে গড়ে তোলা হয়েছিল আরেকটি শ্রেণিকক্ষ। এসব কক্ষে এত দিন ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীদের পাঠদান করা হচ্ছিল। শনিবারের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে এই চারটি কক্ষ। অন্য পাশের কক্ষের দেয়াল ধসে গেছে। সামনে জেএসসি পরীক্ষা। তাই কোনো রকমে টিনের বেড়া দিয়ে প্রতিষ্ঠানের অস্তিত্ব টেকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিদ্যালয়ের তহবিলে কোনো টাকা নেই। নতুন টিন, বাঁশ কিনতে হবে। এ নিয়ে শিক্ষকেরা দিশেহারা।
ঝড়ে কদমতলী উচ্চবিদ্যালয়টিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল দুপুরে দেখা গেছে, বিদ্যালয়ের এক পাশের পাকা ভবনটি ঝড়ে হেলে পড়েছে। অন্য পাশে টিনের ছাউনি দেওয়া ছয়টি কক্ষ উড়ে গেছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস বন্ধ। ঝুঁকিপূর্ণ পাকা ভবনে গাদাগাদি করে অন্য শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষার্থী আবদুল্লাহেল কাফি বলে, তিন দিন ধরে পাঠদান ঠিকমতো হচ্ছে না। নভেম্বরে জেএসসি পরীক্ষা। ঝড়ে শুধু ভবন লন্ডভন্ড হয়নি, পাঠদানও লন্ডভন্ড হয়েছে। সহকারী শিক্ষক সোয়েল রানা বলেন, ভাঙা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা ক্লাস করছে।
ঝড়ে একই অবস্থা হয়েছে এম রহমান উচ্চবিদ্যালয়, পার কাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সারিয়াকান্দি উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়ের। সারিয়াকান্দির ক্ষতিগ্রস্ত ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে খোলা আকাশের নিচে।
গাবতলীর ইউএনও মোছা. মাজেদা ইয়াসমিন বলেন, উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে।
সারিয়াকান্দির ইউএনও কামরুল হাসান বলেন, ঝড়ে উপজেলার ১৬১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩২টি বিদ্যালয় ভবন লন্ডভন্ড হয়ে গেছে। এসব বিদ্যালয়ে প্রথম দু-এক দিন পাঠদান বন্ধ থাকলেও বর্তমানে গাছতলা বা খোলা আকাশের নিচে পাঠদান চলছে। এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে।
সারিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঝড়ে উপজেলার ২৯টি মাধ্যমিক প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।