পাঠদান চলছে মাঠে
মৌলভীবাজারের জুড়ী উপজেলার আবদুল মান্নান প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় পাঠদান চলছে বিদ্যালয়ের সামনের মাঠে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের স্থানসংকুলান না হওয়ায় ২০১২ সালে পিইডিপি (প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি)-৩ প্রকল্পের আওতায় আবদুল মান্নান প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ৫১ লাখ টাকার এ কাজ পান মৌলভীবাজারের ঠিকাদার সাইফুল ইসলাম। এলজিইডির অনুমোদিত ‘ইউনাইটেড সয়েল’ নামের সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে নির্ধারিত স্থানের মাটির ধরন পরীক্ষা করানো হয়। ওই বছরের ২ জুলাই কাজ শুরু হয়। এ সময় পুরোনো বিদ্যালয় ভবন ঘেঁষে প্রায় পাঁচ ফুট গভীরতার গর্ত খুঁড়ে কাঠের বল্লি বসাতে (পাইলিং) শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে মাটির অবস্থা খারাপ দেখে কাজ বন্ধ করে দেন ঠিকাদার। এর কিছুদিন পর পুরোনো বিদ্যালয় ভবনটির একাংশ পেছনের দিকে হেলে পড়ে। এ অবস্থায় গত বছরের ৭ মার্চ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিনে বিদ্যালয়ের পরিদর্শন খাতায় ওই ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করেন। বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১৩৫ জন।
এলজিইডির সূত্র জানায়, নতুন ভবনের কাজ বন্ধের পর মাটির সমস্যার কথা তুলে ধরে করণীয় জানতে চেয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিন কক্ষের আধা পাকা একটি ভবন নির্মাণ করে দিতে প্রায় ১৬ লাখ টাকা বরাদ্দ দেয়।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের দেয়াল ও মেঝের একাধিক স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। সামনের মাঠে ডেস্ক-বেঞ্চ পেতে পাঠদান চলছে। প্রধান শিক্ষক মিনারা বেগম বলেন, ‘এত দিন ঝুঁকিপূর্ণ ভবনটিতেই পাঠদান চলছিল। কিন্তু অভিভাবকেরা ভয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না। শিক্ষার্থীদের হাজিরা কমে গেছে। এই পরিস্থিতিতে বাড়ি-বাড়ি গিয়ে শিক্ষার্থীদের ডেকে এনে সাত-আট দিন ধরে মাঠে পাঠদান কার্যক্রম চালাচ্ছি।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী সাইফুল আজম সোমবার জানান, নিচের মাটির অবস্থা খারাপ হওয়ায় বিদ্যালয় ভবনটি একদিকে হেলে পড়েছে। আধা পাকা ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। এ কাজ সম্পন্ন হলে পুরোনো বিদ্যালয় ভবনের আশপাশে কোনো স্থানে নতুন ভবনটির নির্মাণকাজ শুরু হবে। এতে দুই-তিন মাস সময় লাগতে পারে।
২৪ জুলাই প্রথম আলোয় ‘আবদুল মান্নান প্রাথমিক বিদ্যালয়/পুরোনো ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।