পাঠদান চলে বারান্দায়
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইজবাগ ইউনিয়নের হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান চলে বারান্দায় ও খেলার মাঠে। এভাবে এক বছরের বেশি সময় ধরে বিদ্যালয়টিতে পাঠদান ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী ফকির জানান, পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর দুই কক্ষের ভবনে তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান করা সম্ভব হচ্ছে না। তাই শিশুরা দীর্ঘ এক বছর ধরে বারান্দায় ও মাঠে বসে কষ্টে লেখাপড়া করছে। বৃষ্টি এলেই পাঠদান বন্ধ রাখতে হয়। সকালের ধাপে শিশু শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীকেও একই অবস্থায় বারান্দায় ও মাঠে পাঠ নিতে হয়। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও নতুন ভবনের ব্যবস্থা হচ্ছে না। আর কক্ষসংকটের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাও দিনে দিনে কমে যাচ্ছে।
গত সোমবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, পুরোনো ভবনটি পরিত্যক্ত অবস্থায়। পাশেই দুই কক্ষবিশিষ্ট ভবনের একটিতে তৃতীয় শ্রেণী এবং অন্যটিতে পঞ্চম শ্রেণীর পাঠদান চলছে। আর বারান্দায় চতুর্থ শ্রেণীর ৩৫ জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন এক শিক্ষক। এদের কয়েকজন বেঞ্চে এবং অন্যরা চটে বসে পাঠ নিচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্না রানী দেবনাথ জানান, বারান্দায় পাঠ নিতে শিশুরা আগ্রহী হয় না। সেই সঙ্গে মহাসড়কের পাশে বিদ্যালয়টি হওয়ায় শিশুরা বারান্দা থেকে রাস্তার গাড়ির দিকে তাকিয়ে থাকে।
বিদ্যালয় সূত্র জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে হারুয়া এলাকায় ১৯৩৯ সালে স্থাপিত বিদ্যালয়ের আধা পাকা ভবনে ছাত্রছাত্রীদের পাঠদান করা হতো। টিনের চাল মরিচা পড়ে নষ্ট হওয়ায় এবং দেয়ালে বিভিন্ন স্থানে ফাটল ধরায় ২০১৩ সালের প্রথম দিকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে ২০০৭ সালে পিইডিপি-২ প্রকল্পের আওতায় দুই কক্ষবিশিষ্ট একটি ভবন তৈরি করা হয়।
বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী একটি নতুন ভবনের জন্য ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি আবেদন করা হয়। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এ বিদ্যালয়ের শিক্ষার্থী ৩৩২, শিক্ষক আছেন পাঁচজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার জানান, বিদ্যালয়টি পরিদর্শন করে নতুন ভবনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।