পাঠদান না করায় প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। নিয়মিত পাঠদান না করার প্রতিবাদে তারা গতকাল শনিবার এসব কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ১১ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকদের অনেকেই দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে এসে দুই-একটি ক্লাস নিয়ে নির্ধারিত সময়ের আগেই বাড়ি চলে যান। এভাবে দিনের পর দিন পাঠদান করায় গতকাল বিক্ষুব্ধ হয়ে ওঠে চার শতাধিক শিক্ষার্থী। পরে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি লিয়াকত হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের কার্যালয়ের তালা খুলে দেয়।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার পরও বিদ্যালয়ে কোনো শিক্ষক না আসায় শিক্ষার্থীরা বাইরে এসে প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ সমাবেশ করে। বেলা পৌনে ১১টার দিকে প্রধান শিক্ষকসহ মাত্র তিনজন শিক্ষক বিদ্যালয়ে এলে ছাত্রছাত্রীদের তোপের মুখে পড়েন। এ সময় বিদ্যালয়ের মাঠে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করা শর্তে দশম শ্রেণির এক ছাত্রী অভিযোগ করে জানায়, আগামী বছর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে দশম শ্রেণির ৫২ জন শিক্ষার্থীকে। কিন্তু দিনের পর দিন বিদ্যালয়ের শিক্ষকেরা নিয়মিত ক্লাস না নেওয়ায় তারাসহ সব শ্রেণির ছাত্রছাত্রীরা ক্ষতির শিকার হচ্ছে। বিষয়টি বারবার প্রধান শিক্ষককে জানালেও কোনো কাজ হচ্ছে না। বাধ্য হয়ে তাদের এ কাজ করতে হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, স্কুলে শিক্ষকসংকট থাকায় নিয়মিত পাঠদানে সমস্যা ছিল। কিন্তু নতুন করে ছয়জন শিক্ষক নিয়োগ দিয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী জানান, ওই বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগের বিষয়টি তাঁর জানা আছে। কিন্তু শনিবার ছাত্রছাত্রীদের বিক্ষোভ সমাবেশ ও প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগানোর বিষয়টি তাঁকে জানানো হয়নি। প্রধান শিক্ষকের কাছ থেকে ঘটনাটি জেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।