পাঠদান না করার প্রতিবাদে অধ্যক্ষের কক্ষে তালা
রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কার্যালয় ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা ওই দুই কক্ষের চেয়ার-টেবিলও ভাঙচুর করেছে। পাঠদান না করার প্রতিবাদে তারা এ ঘটনা ঘটিয়েছে।
একই সঙ্গে তারা আট শিক্ষককে চার ঘণ্টা অবরুদ্ধ রেখে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার এই ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবারও শিক্ষার্থীরা কলেজে বিক্ষোভ মিছিল করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার নির্ধারিত সময়ে কলেজে যায় উচ্চমাধ্যমিক (এইচএসসি) প্রথম বর্ষের শিক্ষার্থীরা। দুপুর ১২টা পর্যন্ত সেখানে পাঠদান না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা অধ্যক্ষের কার্যালয় ও অফিসকক্ষে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটজন শিক্ষককে কলেজের একটি কক্ষে দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত আটকে রাখে।
এইচএসসি প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, ভালোভাবে পাঠদানের প্রতিশ্রুতি দিয়ে কর্তৃপক্ষ তাদের এখানে ভর্তি করায়। কিন্তু গত জানুয়ারি থেকে শিক্ষকেরা নিয়মিত কলেজে আসেননি ও পাঠদান করেননি। এখানে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কোনো শিক্ষক নেই। এই দুই বিষয়ে কোনো দিন পাঠদান করা হয়নি। এ ব্যাপারে অধ্যক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি।