পাঠদান না করেই বেতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জোব্বার ডিগ্রি কলেজের কম্পিউটার বিজ্ঞান শাখার প্রভাষক ও তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজহারুল ইসলাম চার বছর ধরে কলেজে ক্লাস নেন না। তিনি মাঝেমধ্যে এসে হাজিরা খাতায় সই করে অধ্যক্ষের সঙ্গে যোগসাজশের মাধ্যমে ছয় মাস-এক বছর পর পর বেতন-ভাতা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, আজহারুল ২০০২ সালে কলেজে যোগদান করেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তিনি কলেজে নিয়মিত আসছেন না। একাদশ শ্রেণীর ছাত্রী মারুফা খাতুন বলে, ‘আজহারুল স্যারের নাম শুনেছি, তাঁকে কখনো দেখিনি।’ প্রভাষক জুলফিকার রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে এই কলেজে চাকরি করছি। কিন্তু চার বছরে তাঁকে পাঠদান করতে দেখিনি।’ কলেজের স্টাফ কাউন্সিলের সভাপতি হায়দার আলী বলেন, ‘সহকর্মী হিসেবে আমরাও তাঁকে কলেজে আসার জন্য বারবার তাগাদা দিচ্ছি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষকে তাগাদা দিয়েও কাজ হচ্ছে না।’ অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, ‘এ পর্যন্ত তাঁকে তিন দফায় কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কলেজে আসা দূরের কথা, নোটিশের জবাব পর্যন্ত দেননি তিনি। এমনকি ২০১১ সালে কলেজের পরিচালনা কমিটির বৈঠকে তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হলেও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের চাপে তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছি।’ আজহারুল ইসলামের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন তারাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ। ধর্মপুর গ্রামের অভিভাবক রতন মিয়া অভিযোগ করেন, কলেজে না এসেই তিনি অধ্যক্ষকে হাত করে কয়েক মাস পর পর বেতন-ভাতা নিচ্ছেন। অধ্যক্ষ সাইদুর বলেন, তাঁকে হাত করার অভিযোগ ঠিক নয়। বরং আজহারুলের ক্ষমতার দাপটে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। আজহারুল ইসলাম বলেন, ‘দলীয় প্রভাব খাটিয়ে কলেজে না আসার অভিযোগ ঠিক নয়। মূলত ছুটি নিয়ে অধ্যক্ষের সঙ্গে আমার দ্বন্দ্ব। আমি ব্যক্তিগত কারণে ছুটির আবেদন দিলে অধ্যক্ষ তা মঞ্জুর করেন না। ফলে আমি অনুমতি ছাড়াই ছুটি ভোগ করি। তখন অধ্যক্ষ অনুপস্থিত দেখিয়ে আমার বেতন-ভাতা বন্ধ করে দেন। পরে অধ্যক্ষ ও কমিটির কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে কয়েক মাস পর পর বেতন-ভাতা উত্তোলন করি। আর কম্পিউটার বিষয়ে পাঠদান করব কীভাবে? অধ্যক্ষ কলেজের কম্পিউটার তাঁর কক্ষে রেখেছেন। অধ্যক্ষ বলেন, দলীয় প্রভাব খাটিয়ে আজহারুল কর্তৃপক্ষকে বেতন প্রদানে বাধ্য করেন। তা ছাড়া কম্পিউটারটি অব্যবহূত অবস্থায় নষ্ট হয়ে যাবে—এই চিন্তা থেকে তিনি কম্পিউটারটি তাঁর কক্ষে নিয়ে রেখেছেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবদুল হান্নান কমিটির কর্মকর্তাদের ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।