পাঠদান বন্ধ মানিকগঞ্জের দেড় শ শিক্ষাপ্রতিষ্ঠানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা চর মধ্যনগর রুস্তম হাওলাদার মডেল উচ্চবিদ্যালয়ের ভ​বন বন্যায় তলিয়ে গেছে। গতকাল বেলা ১১টার দিকে তোলা ছবি l আব্দুল মোমিন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা চর মধ্যনগর রুস্তম হাওলাদার মডেল উচ্চবিদ্যালয়ের ভ​বন বন্যায় তলিয়ে গেছে। গতকাল বেলা ১১টার দিকে তোলা ছবি l আব্দুল মোমিন

মানিকগঞ্জে বন্যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। জেলার ছয়টি উপজেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয় তলিয়ে গেছে। বন্যাকবলিত এলাকার প্রায় দেড় শ শিক্ষাপ্রতিষ্ঠানে এক সপ্তাহ ধরে পাঠদান বন্ধ রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শিবালয় উপজেলার আরিচা কার্যালয়ের গেজ রিডার (জিআর) রিমন শিকদার জানান, গত কয়েক দিনে বগুড়া ও সিরাজগঞ্জে যমুনা নদীতে অস্বাভাবিকভাবে পানি বাড়ায় নদীর শিবালয়ের আরিচা পয়েন্টেও এর প্রভাব পড়েছে। গতকাল রোববার বিকেল চারটায় আরিচা পয়েন্টে যমুনায় বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।
জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে সাতটি উপজেলায় ৬৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সিঙ্গাইর উপজেলার ৯৬টি বিদ্যালয়ের সব কটিই গতকাল পর্যন্ত খোলা ছিল। দৌলতপুর, শিবালয়, ঘিওর, হরিরামপুর, সাটুরিয়া ও সদর—এ ছয় উপজেলায় ৫৪৬টি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে ২২৬টিতে বন্যায় তলিয়ে গেছে। এর মধ্যে ১০৬টি বিদ্যালয় পানিতে ডুবে যাওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া ১২০টি বিদ্যালয়েও পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধের উপক্রম হয়েছে।
শিবালয়, দৌলতপুর, ঘিওর, হরিরামপুর ও সাটুরিয়ায় ১২৭টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা রয়েছে। বন্যার পানি ঢুকে পড়ায় গতকাল বেলা দুইটা পর্যন্ত ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আরও ২০টিতে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে শিবালয়ের তেওতা গোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বন্যায় বিদ্যালয়ের মাঠ তলিয়ে শ্রেণিকক্ষে পানি ঢোকার উপক্রম হয়েছে। পাশের রাস্তায় কোমরপানি। এ কারণে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, বন্যার পানিতেও বেশ কয়েকটি বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি সরে গেলে সরকারি ছুটির দিনে ও অন্যান্য ছুটির মধ্যে ক্লাস নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম সিলেবাস অনুযায়ী সমাপ্ত করা হবে।