পাঠদান বন্ধ রেখে মাঠে মেলা!
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী উচ্চবিদ্যালয় ও দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাঠদান বন্ধ রেখে মেলার আয়োজন করা হয়েছে। বইমেলা আয়োজনের অনুমতি নিয়ে যুব ও ছাত্রলীগ নেতারা গত মঙ্গলবার থেকে মেলার আয়োজন করেন। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য প্রদর্শন ও জুয়া খেলার আয়োজন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার মেলা শেষ হয়।বৃহস্পতিবার দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে স্থানীয় দিঘলী বাজারের সড়কে মেলার ব্যানার-সংবলিত বিশাল তোরণ দেখা যায়। বিদ্যালয় দুটির মাঠের মাঝখানে একটি মঞ্চ। এর চারদিকে অর্ধশত স্টল। রাতে মঞ্চে র্যাফল ড্র, অশ্লীল নৃত্য এবং একপাশে জুয়া খেলা চলে বলে অভিযোগ পাওয়া গেছে। দিঘলী উচ্চবিদ্যালয়ের কক্ষগুলোতে তালা ঝুলছে। পাশের দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ক্লাস হচ্ছে না। ওই বিদ্যালয়ের শিক্ষকেরা অফিসকক্ষে বসে আড্ডা দিচ্ছেন। এখানেও শ্রেণীকক্ষগুলোতে তালা ঝুলছে।দিঘলী উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, মেলার কারণে গত ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, মেলার কারণে গত মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী জানান, দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন, যুবলীগ নেতা তাজুল ইসলামসহ কয়েকজন এ মেলার আয়োজন করেছেন। তাঁরা দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় ও প্রশাসনকে ম্যানেজ করে মেলা চালাচ্ছেন।দিঘলী উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক লোকমান হোসেন দাবি করেন, স্থানীয় যুবকেরা মেলা করছেন। চার দিনের মেলায় দুই দিন সরকারি ছুটি আছে। তা ছাড়া প্রধান শিক্ষক ঐচ্ছিক ছুটি থেকে এক দিন ছুটি দিয়েছেন। ক্লাসের এমন কোনো ক্ষতি হচ্ছে না।মেলা কমিটির সভাপতি স্থানীয় যুবলীগ নেতা তাজুল ইসলাম বলেন, ‘মেলা বিকেল থেকে শুরু হয়। এর আগে ক্লাস হয়। এতে লেখাপড়ার কোনো ক্ষতি হয় না। আমরা স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের অনুমতি নিয়েছি। এখানে কোনো অশ্লীল নৃত্যের প্রদর্শনী হয় না।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই চন্দ্র দেবনাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, ‘সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সুপারিশে চার দিনের বইমেলার অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে মেলা চলছে, এটা আমার জানা ছিল না। যদি এ রকম কিছু হয়ে থাকে, তা অনৈতিক। আমরা মেলা বন্ধ করে দেব।’জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল মিয়া বলেন, ‘স্কুল মাঠে যে মেলা চলছে, তা আমার জানা নাই। ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেব।’