পাঠদান বন্ধ রেখে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠদান বন্ধ রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শহরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে গতকাল শনিবার শোভাযাত্রা করানো হয়েছে। এ জন্য ওই শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটা থেকে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে দাঁড় করিয়ে রাখা হয়। বৃক্ষমেলা উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে শোভাযাত্রাসহ নানা কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে চিঠি দিয়ে বোয়ালমারী উপজেলা শহরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে হাজির থাকতে বলা হয়। একই চিঠিতে শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদেরও নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই সকাল সাড়ে নয়টা থেকে পাঠদান শুরু হয়। সরেজমিনে দেখা যায়, দীর্ঘ আড়াই ঘণ্টা রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থেকে ছোট ছোট শিক্ষার্থীরা অস্বস্তি প্রকাশ করেছে। এ ঘটনায় শিক্ষার্থীর অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রেখে শোভাযাত্রায় সম্পৃক্ত না করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির বিষয়ে আমরা সতর্ক থাকব।’ ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবাল বলেন, ‘শিক্ষার্থীদের দিয়ে শোভাযাত্রা করা যাবে না, এমন কোনো পরিপত্র জারির বিষয় আমার জানা নেই।’