পাঠদান বন্ধ রেখে সংবর্ধনা নিলেন প্রধান শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রছাত্রীদের শ্রেণীকার্য বন্ধ রেখে সংবর্ধনা নিয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্পরান। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তাঁকে ওই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষককে কমিটির পক্ষ থেকে একটি সোনার আংটি, একটি স্যুট ও একটি শার্টের কাপড় উপহার দেওয়া হয়েছে। শ্রেণীকার্য বন্ধ রেখে বিদ্যালয়ের অর্থে প্রধান শিক্ষককে সংবর্ধনা দেওয়ার এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অভিভাবকেরা।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. চাহেল তস্তুরি প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক যে ‘মাদার তেরেসা’ পদক পাওয়ার কথা বলছেন, ওই পদকের সরকারি কোনো স্বীকৃতি আছে বলে তাঁর জানা নেই।
এ ছাড়া, শ্রেণীকার্য বন্ধ রেখে সংবর্ধনা নেওয়ার কথা শুনে তিনি একাধিকবার প্রধান শিক্ষককে মুঠোফোনে ফোন করেছিলেন, তিনি ফোন ধরেননি। এ বিষয়ে ওই প্রধান শিক্ষককে শোকজ করা হবে বলেও জানান ইউএনও।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ মে ভীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্পরানকে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান জেলার সফল ও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মাদার তেরেসা পদক ২০১৪ প্রদান করে। ঢাকার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান তাঁকে এ পদক প্রদান করেন। এরপর প্রধান শিক্ষক বিষয়টি ব্যবস্থাপনা কমিটিকে জানালে কমিটির পক্ষ থেকে গতকাল তাঁর জন্য সংবর্ধনার আয়োজন করা হয়।
একাধিক অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে প্রধান শিক্ষকের মতো একজন দায়িত্বশীল ব্যক্তি নিজেই সংবর্ধনা নিয়েছেন, এটি ভাবতেও অবাক লাগছে।
প্রধান শিক্ষক মো. শাহ্পরান প্রথম আলোকে বলেন, মেধা বিকাশ সোসাইটি তাঁকে মাদার তেরেসা পদক দেওয়ার পর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক কাউন্সিল গতকাল তাঁর জন্য সংবর্ধনার আয়োজন করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান শিক্ষক হিসেবে বছরে তিন দিন স্কুল বন্ধ রাখার ক্ষমতা তাঁর রয়েছে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক যে পদক পেয়েছেন তাতে বিদ্যালয়ের মর্যাদা বেড়েছে। তাই আমরা এবং শিক্ষক কাউন্সিল সংবর্ধনা অনুষ্ঠান করে তাঁকে একটি স্যুট, একটি আংটি ও একটি শার্টের কাপড় উপহার দিয়েছি।’
জানতে চাইলে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি মাঝেমধ্যে সমাজে বিভিন্ন অবদানের জন্য মাদার তেরেসা পদক দিয়ে থাকি।’ তবে এ পদকের কোনো সরকারি স্বীকৃতির বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।