পাঠদান বন্ধ রেখে সাইফুর'স-এর প্রচারণা!
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি মহাবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের সাইফুর’স নামের কোচিং সেন্টারের ‘ইংরেজি স্পিকিং’ কোর্সের প্রচারণা কার্যক্রমে পাঠান অধ্যক্ষ। পাঠদান বন্ধ রেখে সাইফুর’স-এর ব্যবসায়িক প্রচারণায় পাঠানোয় ক্ষোভ প্রকাশ করে অনেক শিক্ষার্থী।
মহাবিদ্যালয়ে গতকাল দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা কলেজ চত্বরে একটি গাছের নিচে বসে আছে। তাদের সামনে চেয়ারে বসে আছেন আরও চার ব্যক্তি। একজন মাইক্রোফোন হাতে বক্তব্য দিচ্ছেন। কাছে গিয়ে শোনা যায়, তিনি ‘ইংরেজি স্পিকিং’ নিয়ে কথা বলছেন। তিনি নিজেকে সাইফুর’স কোচিং সেন্টারের শিক্ষক বলে পরিচয় দেন। তাঁর নাম আবু নাসের হুসাইন। তিনি জানান, কোচিং সেন্টারটির ইংলিশ ভাষা শেখার কোর্সে অংশ নিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই তাঁরা এখানে প্রচারণা চালাচ্ছেন।
পাশে বসে থাকা সাইফুর’স-এর অপর সদস্য সোলায়মান আলী বলেন, প্রতিষ্ঠানটির যে কোর্স নিয়ে তাঁরা কথা বলছেন, সেটির মেয়াদ চার মাস। এর জন্য প্রতি শিক্ষার্থীকে এক হাজার টাকা ফি দিতে হবে। এ সময় কোচিং সেন্টারটির অন্যান্য কোর্স নিয়েও কথা বলেন তাঁরা।
অধ্যক্ষ মো. আলম বলেন, ‘একবেলা পাঠদান না হলেও এ সময়ে বিনা পয়সায় সাইফুর’স যা শেখাল, তা-ই লাভ। তবে পরবর্তী সময়ে কলেজে আর তাদের এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।’