পাঠদান বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকার কেওয়ারজানি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর পর থেকে বিদ্যালয়ের পাশের একটি পরিত্যক্ত বাড়িতে চলছে শিক্ষার্থীদের পাঠদান। মাঝেমধ্যে খোলা আকাশের নিচেও শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৭ সালে কেওয়ারজানি গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় কয়েকজন ব্যক্তির দান করা ৩৩ শতক জমির ওপর একটি চৌচালা টিনের ঘরে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। ১৯৯১ সালে বিদ্যালয়টি রেজিস্টার্ডভুক্ত হয়। ১৯৯৫ সালে চার লাখ ২০ হাজার টাকা ব্যয়ে চার কক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মিত হয়। এর পর থেকে ওই ভবনে বিদ্যালয়টির কার্যক্রম চলতে থাকে। সূত্র জানায়, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় বছর দশেক না যেতেই বিদ্যালয় ভবনের বিভিন্ন অংশের পলেস্তারা উঠে যায় এবং কয়েকটি স্থানে ফাটলের সৃষ্টি হয়। ২০০৫ সাল থেকে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাস করছিল। সম্প্রতি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় চলতি বছরের ১২ এপ্রিল বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ওই দিন থেকে বিদ্যালয়ের পাশের পরিত্যক্ত একটি বাড়ির দুটি কক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। মাঝেমধ্যে খোলা আকাশের নিচেও শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়।সম্প্রতি সরেজমিনে বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিদ্যালয় থেকে প্রায় দেড় শ গজ দূরে আল-মামুন নামের এক ব্যক্তির বাড়ির বারান্দায় শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন সহকারী শিক্ষিকা মাজেদা খাতুন। তিনি বলেন, এখানে প্রচণ্ড গরমে ছোট দুই কক্ষের ভেতর ক্লাস করতে শিশু শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। তাই বাধ্য হয়ে বারান্দা ও খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। চতুর্থ শ্রেণীর স্বর্ণা আক্তার, তানভীর হোসেন ও তৃতীয় শ্রেণীর মোস্তাফিজ আয়েশাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, বৃষ্টি হলে বিদ্যালয় ভবনের ছাদ চুইয়ে পানি পড়ত। পলেস্তারা উঠে প্রায় সময়ই তাদের মাথার ওপর পড়ত। এখানে এসেও ঠাসাঠাসি করে গরমের মধ্যে ক্লাস করতে হচ্ছে। এ ব্যাপারে কেওয়ারজানি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব হোসেন বলেন, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই পালায় শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়। গত বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কিন্তু ভবনের অভাবে শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতির হারও আগের চেয়ে কমে গেছে। প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের নতুন ভবন তৈরির বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা কেবল আশ্বাসই দেন, বাস্তবায়িত হচ্ছে না।যোগাযোগ করলে সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা নাজনীন আলম বলেন, ‘বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে। ওই বিদ্যালয়টির পরিত্যক্ত ভবন ভেঙে শিগগিরই নতুন ভবন নির্মাণ করা হবে।’মানিকগঞ্জ সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মফিজ উদ্দিন বলেন, বিদ্যালয়ে গিয়ে তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।