পাঠদানের জন্য ভবন পেল রাজশাহী আলোর পাঠশালা
রাজশাহীর চর খিদিরপুরে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালা বিদ্যালয়ের জন্য ভবন হস্তান্তর করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন। গতকাল সোমবার পবা উপজেলার চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবন উদ্বোধনের সময় তিনি আলোর পাঠশালা বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি ভবন হস্তান্তর করেন।
তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পর সাংসদ আগের ভবনটি আনুষ্ঠানিকভাবে আলোর পাঠশালা বিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়ে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বলেন, তিনি চরের শিক্ষা সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা করবেন। চর খিদিরপুরে মাধ্যমিক শিক্ষার কোনো সুযোগ ছিল না। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে এই বিদ্যালয়টি করার কারণে এখানকার মেয়েরা শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে। এ সময় তিনি আলোর পাঠশালা বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রথম জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মাহফুজা খাতুনকে একটি সোনার হার উপহার দেওয়ার ঘোষণা দেন।
আলোর পাঠশালা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হোসেন বলেন, পদ্মার ভাঙনে তাঁদের নিজস্ব ভবন ভেঙে যায়। অস্থায়ী ভবন তৈরি করে কয়েক মাস ধরে পাঠদান চালানো হচ্ছে। সরকারি বিদ্যালয়ের পুরোনো ভবনটি আলোর পাঠশালা বিদ্যালয়কে দেওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সরকারি বিদ্যালয়টির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিল পবা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।