পাঠদানের দাবিতে মাদ্রাসায় তালা ঝুলিয়ে বিক্ষোভ
রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর নুরুল হুদা দাখিল মাদ্রাসায় পাঠদান না হওয়ার প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। সাত দিন ধরে মাদ্রাসায় তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। মাদ্রাসা পরিচালনা কমিটি ও সুপারিনটেনডেন্টের দ্বন্দ্বের কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের কক্ষে তালা ঝুলছে। শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এ সময় দশম শ্রেণির শিক্ষার্থী শাহানাজ, আশা মণি, আকলিমা ও ফেরদৌসী অভিযোগ করে, ২০ দিন ধরে সুপার মাদ্রাসায় আসছেন না। অন্য শিক্ষকেরা এলেও ক্লাস নেন না। ক্লাসের কথা বললে শিক্ষকেরা বলেন, ‘বেতন নাই, না খেয়ে কত পড়াই।’
নবম শ্রেণির শিক্ষার্থী মোস্তফা কামাল বলে, ‘প্রতিদিন মাদ্রাসায় এসে পাঠদানের দাবিতে বিক্ষোভ করছি, কোনো ফল পাচ্ছি না। সাত দিন আগে তালা ঝুলিয়ে দিয়েছি।’
মাদ্রাসার সহকারী শিক্ষক আইয়ুব আলী জানান, সুপার-পরিচালনা কমিটির দ্বন্দ্বের কারণে চার মাস থেকে শিক্ষকেরা বেতন পান না। ফলে শিক্ষকেরা শিক্ষার্থীদের ঠিকমতো পাঠদান করছেন না।
মেনানগর গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক সোলেমান আলী বলেন, ‘সুপার ও পরিচালনা কমিটি তাঁদের স্বার্থ হাসিলের জন্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। এর বলি হচ্ছে আমাদের সন্তানেরা।’
মেনানগর নুরুল হুদা দাখিল মাদ্রাসার শিক্ষক সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এটি মাসিক বেতন-ভাতার ক্ষেত্রে সরকারি অনুদান পায় (এমপিওভুক্ত), মাদ্রাসাটিতে ১৮ জন শিক্ষক-কর্মচারীর পদ থাকলেও কর্মরত আছেন ১০ জন। শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জন। মাদ্রাসায় ছয়জন সহকারী শিক্ষক ও চতুর্থ শ্রেণির দুজন কর্মচারীর পদ শূন্য রয়েছে। এই শূন্য পদে নিয়োগকে কেন্দ্র করে মাদ্রাসার সুপারের সঙ্গে পরিচালনা কমিটির সদস্যদের বিরোধ সৃষ্টি হয়। এই অবস্থায় মাদ্রাসার সুপার মোফাজ্জল হোসেন কৌশলে পরিচালনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার তিন মাস আগে কমিটি ভেঙে দেন। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিচালনা কমিটির সদস্যরা। এই অবস্থায় চার মাস ধরে বেতন-ভাতা তুলতে না পারায় শিক্ষকেরা পাঠদান বন্ধ রেখেছেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক দাবি করেন, মাদ্রাসায় শিক্ষক-কর্মচারীর আটটি শূন্য পদ রয়েছে। ওই শূন্য পদে সুপার তাঁর মনোনীত লোক নিয়োগ দিতে নির্বাচিত পরিচালনা কমিটি ভেঙে দিয়েছেন।
এ ব্যাপারে মোফাজ্জল হোসেন জানান, ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। বিধি মোতাবেক শিক্ষা বোর্ড থেকে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নেওয়া হয়েছে।
মাদ্রাসায় তাঁর অনুপস্থিতি ও শিক্ষার্থীদের তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি অফিশিয়াল (দাপ্তরিক) কাজে ব্যস্ত থাকায় কয়েক দিন ধরে মাদ্রাসায় যেতে পারছি না। শুনেছি, পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষার্থীদের দিয়ে মাদ্রাসায় তালা ঝুলিয়েছেন।’