পাঠবঞ্চিত ৩০০০ শিক্ষার্থী
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হারিয়ে গেছে শিক্ষার্থীদের পাঠের উপকরণ—বই, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, চেয়ার-টেবিলসহ সবকিছু। ফলে এসব বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী পাঠ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রমজানের মাঝামাঝি থেকে যমুনায় পানি বাড়তে শুরু করে। পানিতে তলিয়ে যায় চরাঞ্চল। প্লাবিত হয় চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় তীব্র ভাঙন।
ঈদুল ফিতরের আগের দিন থেকে ভাঙন ও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এর মধ্যে ২৮ আগস্ট রাতে উপজেলার রোহদহ শেখপাড়ার কাছে পানি উন্নয়ন বোর্ডের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। তীব্র স্রোতে ভেসে যায় চরাঞ্চলের ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের অবকাঠামো। তিন হাজারের মতো শিক্ষার্থী এসব বিদ্যালয়ে পড়ত।
মঙ্গলবার উপজেলার চন্দনবাইশা ও ঘুঘুমারী এলাকা ঘুরে দেখা গেছে, বন্যার পানি সরে যাওয়ায় আদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর চন্দনবাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজ চন্দনবাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনবাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুঘুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুঘুমারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানার মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় ভবন এখনো পাঠদানের উপযোগী হয়নি। পাশের বাঁধ ও সড়কে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
আদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বন্যায় টিনের চালা, ঘর বেঞ্চ, চেয়ার-টেবিল, শিক্ষা উপকরণ—সবই ভেসে গেছে। শ্রেণিকক্ষে পলি জমেছে, স্রোতের তোড়ে গর্তের সৃষ্টি হয়েছে। সংস্কার ও আসবাব ছাড়া বিদ্যালয়ে পাঠদান চালু করা সম্ভব হচ্ছে না।
কর্নিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান জানান, বন্যায় বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছতলায় পাঠদান চালু করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, বন্যায় উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে টিনের ছাউনি ও টিনের বেড়ায় নির্মিত চরাঞ্চলের ৩৬টি বিদ্যালয়ের অবকাঠামো, পাঠদান উপকরণ ও আসবাব পুরোপুরি ভেসে গেছে। এতে এসব বিদ্যালয়ে নতুন করে পাঠদান শুরু করা অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরও বলেন, অবকাঠামো ভেসে যাওয়ায় চরের এসব বিদ্যালয়ের কার্যক্রম পাশের বন্যানিয়ন্ত্রণ বাঁধে স্থানান্তর করে সেখানে পাঠদান শুরু করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।