
পাঠশালা নিয়ে দুই পর্বের প্রথমটি পড়ুন আজ।
পাঠশালা শব্দটার সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। শহরে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে শিক্ষাজীবন শুরু করে কেজি, প্লে—এসব ক্লাসের মাধ্যমে আর নিভৃত পল্লির ছোট্ট ছেলেমেয়েরা তাদের শিক্ষাজীবন শুরু করে পাঠশালার মাধ্যমে। আজ ও বাংলাদেশের অনেক গ্রামে পাঠশালার প্রচলন দেখা যায়।
সাধারণত এসব পাঠশালায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে। ছেলেমেয়েরা প্রত্যেকেই আবার স্থানীয় প্রাইমারি স্কুলের নিবন্ধিত ছাত্রছাত্রী। সাধারণত, বিশেষ বিশেষ দিন ও পরীক্ষার সময় এরা প্রাইমারি স্কুলে যায়, আবার অনেকে সকালে ও বিকেলে পাঠশালায় পড়াশোনা করে প্রাইমারি স্কুল সময়ে প্রাইমারিতে যায়। আমি ও ছোটবেলায় প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত নিয়মিত পাঠশালায় পড়েছি। সত্য কথা বলতে, সমস্ত শিক্ষাজীবনে প্রাইমারি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঠশালার স্মৃতি আমার কাছে সবচেয়ে বেশি মিষ্টি, মধুর ও পবিত্র মনে হয়।
পান্তা খাওয়ার ছুটি
সাধারণত আমরা গ্রামের পাঠশালায় যেতাম অনেক ভোরে। সুয্যিমামা জাগার সঙ্গে সঙ্গেই আমরা পাঠশালায় হাজির হয়ে যেতাম। সবারই বসার জন্য নির্দিষ্ট জায়গা থাকত। মাটির মেঝের ওপরে ছোট পাটি কিংবা বস্তা বিছিয়ে তার ওপর বই রেখে আমরা পড়তে বসে যেতাম। কে কত জোরে চেঁচামেচি করে পড়তে পারে, সেই প্রতিযোগিতা শুরু হতো সকাল থেকেই। অপেক্ষায় থাকতাম কখন ৯টা বাজবে। কারণ সাধারণত ৯টার সময় স্যার আমাদের সকালের নাশতা করার জন্য ছুটি দিতেন। এ ছুটিকে বলা হতো পান্তা খাওয়ার ছুটি। পান্তা খাওয়ার ছুটি হওয়া মাত্রই আমরা দৌড়ে যে যার বাড়িতে চলে যেতাম।

ডাক পড়া
সকালে পান্তা খাওয়ার ছুটি শেষে আমরা যত দ্রুত সম্ভব পাঠশালায় চলে আসতাম। পান্তা খাওয়ার ছুটি হতো সাধারণত আধা ঘণ্টার মতো। তারপর আবার পাঠশালায় ফিরে পড়াশোনা শুরু হতো। দুপুর ১২টার পরে দুপুরে খাওয়ার ছুটি হতো। খাওয়ার ছুটির আগে সবাই মিলে দাঁড়িয়ে সজোরে চিল্লাচিল্লি করে সমস্বরে একটা বিশেষ পড়া চলত, এটাকে বলা হতো ‘ডাক পড়া’! সাধারণত ডাক পড়ার বিষয়গুলো এমন হতো, ক আ–কারে কা, ক ই–কারে কি, ১–এর পিঠে ১ দিলে ১১ হয়...সবাই মিলে এই ধরনের সমস্বরে পড়াকে ‘ডাক পড়া’ বলা হতো। প্রতিটা দিন দুপুরে ছুটির আগেই ‘ডাক পড়া’ চলত। ‘ডাক পড়া’ শুরু হলে গ্রামের মায়েরা বুঝতে পারতেন তাদের ছেলেমেয়েদের দুপুরের ছুটির সময় চলে এসেছে। ‘ডাক পড়া’ শেষ হলে সবাই যে যার বাড়িতে চলে যেত।
খাতা লেখা
ছোটবেলা থেকেই যাতে হাতের লেখা সুন্দর হয়, এই কারণে ‘খাতা লেখা’ নামে একটা লেখার প্রচলন ছিল। দুপুরে পাঠশালা থেকে ফিরে এসে গোসল করার আগে বা পরে বাংলা, ইংরেজি এই দুই ধরনের খাতা এক পাতা করে লিখতে হতো। যে বিষয়ের ওপর সকালে পড়াশোনা হতো, খাতা লেখা সাধারণত ওই বিষয়ের ওপরে লেখা হতো। এই লেখা ভালোভাবে সুন্দর করে লিখতে হতো এবং প্রতিদিন বিকেলে গিয়ে স্যারকে দেখানো লাগত। খাতা লেখা শেষ হলে গোসল করে, খাওয়া শেষে আবার পাঠশালার পানে ছুটে চলতাম।
লেখক: সোনালী ব্যাংক লিমিটেডের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আই টি)