পাঠশালার স্মৃতি - দ্বিতীয় পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিভৃত পল্লির ছোট্ট ছেলেমেয়েদের শিক্ষাজীবন শুরু করে পাঠশালার মাধ্যমে। ছবি: সংগৃহীত
নিভৃত পল্লির ছোট্ট ছেলেমেয়েদের শিক্ষাজীবন শুরু করে পাঠশালার মাধ্যমে। ছবি: সংগৃহীত

‘পাঠশালা’ শব্দটির সঙ্গে একটা পবিত্র আবেগ, ভালোবাসা জড়িত। সিমেন্টের বস্তা দিয়ে মলাট বাঁধানো বই নিয়ে গ্রামের মেঠো পথ ধরে পাঠশালার পানে হেঁটে যাওয়ার সেই সুখস্মৃতি কখনো ভোলার নয়। আমার মতো অনেক গ্রামীণ ছেলেমেয়ের কাছে পাঠশালা শিক্ষাপ্রতিষ্ঠানটি জীবনের অন্যতম সেরা একটি বিদ্যাপীঠ। হয়তো এই বিদ্যাপীঠের সরকারি-বেসরকারি কোনো স্বীকৃতি নেই, তবু এই বিদ্যাপীঠে কাটানো দিনগুলো একজন ছাত্রছাত্রীর জীবনের অন্যতম সেরা সময়।

ভাতঘুম
বাড়ি থেকে দুপুরে গোসল, হাতের লেখা, খাওয়া শেষ করে সাধারণত দুইটার আগেই আমরা পাঠশালায় চলে আসতাম। দুপুরে খাওয়ার পরে আমাদের বাঙালিদের একটু ঘুমের ঝিমুনি আসে, তাই স্যারের কড়া নির্দেশ ছিল বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত একটা ঘুম দেওয়া। এই ঘুমকে বলা হতো ‘ভাতঘুম’! সবাই যে যার আসনে মাথার নিচে বই রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়তাম। অনেকে প্রকৃত অর্থেই গভীর ঘুমে চলে যেত। আবার কেউ কেউ দুষ্টুমি করে একটু চোখ বন্ধ করে আবার ছোট করে খুলে সময়টা কাটিয়ে দিত। বিদ্যুৎবিহীন গ্রামে গরমের দিনে প্রকৃতির দক্ষিণা বাতাস দেহ–মনকে প্রশান্তি দিয়ে ঘুম পাড়িয়ে দিত। শীতকাল ব্যতীত বছরের অন্য সময়, বিশেষ করে গরমের সময় নিয়মিতভাবে এ ভাতঘুমের প্রচলন ছিল।

আলোঘড়ি
পাঠশালায় মূলত স্যারের হাতে একটা ঘড়ি থাকত। আমাদের শিক্ষার্থীদের কারও কাছে কোনো ঘড়ি থাকত না। স্যারের কাছে বারবার সময় জিজ্ঞাসা করলে উনি বিরক্ত হতেন, রাগারাগিও করতেন। তাই সময় দেখার জন্য আমরা একটা অভিনব পদ্ধতি আবিষ্কার করেছিলাম। পাঠশালার ঘরটি সাধারণত গোলপাতা কিংবা শণের ছাউনি দিয়ে তৈরি করা হতো। এই ছাউনির কিছু কিছু জায়গায় ফুটো দিয়ে পাঠশালার মেঝেয় আলো এসে পড়ত। আমরা স্যারের কাছ থেকে সময় জিজ্ঞাসা করে সেই গোল আলোর স্থানে মেঝেতে চক দিয়ে কিংবা দাগ কেটে সময়টা লিখে রাখতাম। প্রতিদিন সূর্যের আলো ওই দাগে এসে পড়লে বুঝতে পারতাম কয়টা বাজে। এরপর থেকে স্যারকে আর বারবার জিজ্ঞাসা করা লাগত না।

পুরোনো পড়া
বৃহস্পতিবার দিনটা আমাদের জন্য একদিকে আনন্দের আবার অন্যদিকে কিছুটা মন খারাপের। আনন্দের কারণ হলো এটা সপ্তাহের শেষ দিন। এরপর দিন শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি। আর কিছুটা মন খারাপের কারণ হলো এই দিন ‘পুরোনো পড়া’ থাকত। সারা সপ্তাহে যা পড়ানো হতো, স্যার এদিন এক এক করে সবাইকে সেসব বিষয়ের ওপর প্রশ্ন করতেন। এটাকেই ‘পুরোনো পড়া’ বলা হতো। পুরোনো পড়া না পারলে স্যারের হাতে লাঠির বাড়ি ছিল আবশ্যিক। তাই এই পুরোনো পড়ার দিনে আমরা সবাই একটু ভয়ে ভয়ে থাকতাম।

ভুঁই রোয়ার ছুটি
জমির সমার্থক শব্দ ভূমি। ভূমিকে গ্রামে ভুঁই বলা হয়। আমাদের পাঠশালার স্যারেরা সবাই মোটামুটি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। তাই তো বর্ষাকালে উনাদের জমি রোপণের জন্য আমাদের পাঠশালা ছুটি দিয়ে স্যাররাও ছুটিতে যেতেন। এই ছুটিকে বলা হয় ‘ভুঁই রোয়ার’ (রোপণ) ছুটি। সাধারণত ১৫ দিনের জন্য স্যার এই ছুটিতে যেতেন। আমরা সারা বছর এই ছুটির অপেক্ষায় থাকতাম।

আজও বাংলাদেশের অনেক গ্রামে পাঠশালার প্রচলন দেখা যায়। ছবি: সংগৃহীত
আজও বাংলাদেশের অনেক গ্রামে পাঠশালার প্রচলন দেখা যায়। ছবি: সংগৃহীত

বর্ষার দিনের স্মৃতি
ভারী বর্ষণের কারণে অনেক সময় পাঠশালা ঘরের ছাউনি দিয়ে পানি পড়ে মেঝে কাদা হয়ে যেত। পাঠশালার মেঝেতে বেশি পানি জমে গেলে কিংবা কাদা হয়ে গেলে সেদিন আর পড়ানো হতো না। আবার একটানা ভারী বর্ষণের কারণে গ্রামের পথঘাট হাঁটুসমান কাদামাটি হয়ে যেত। মাঝেমধ্যে আমরা আবার দুষ্টুমি করে পাঠশালা যাওয়ার সময় কাদায় পড়ে যেতাম। যেটাকে ‘আছাড় খাওয়া’ বলে। সাধারণত কাদায় আছাড় খেলে সেবেলা আর পাঠশালা যাওয়া লাগত না। তাই বর্ষার মৌসুমে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে ভারী বর্ষণের প্রার্থনা করতাম যাতে অন্তত একটা দিন অনাকাঙ্ক্ষিত এই ছুটি পাওয়া যায়। বর্ষার দিনের এই অনাকাঙ্ক্ষিত ছুটি আমাদের সবার জীবনে আনন্দের জোয়ার বয়ে নিয়ে আসত।

লেখক: সোনালী ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)