পাঠাগার ছয় বছর ধরে বন্ধ তিন হাজার বই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সরকারি পাঠাগারটি ছয় বছর ধরে বন্ধ রয়েছে। অযত্ন আর অবহেলায় পাঠাগারটির প্রায় তিন হাজার মূল্যবান বই নষ্ট হয়ে গেছে। বই নষ্ট হয়ে যাওয়া এবং কক্ষসংকটের কারণে এটি আর চালু করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-খাজা আলামীন বলেন, ‘উপজেলায় একটি পাঠাগার ছিল, তা জানা ছিল না। উপজেলা পরিষদে আলোচনা করে পাঠাগার চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইউএনওর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের মিলনায়তনের একটি কক্ষে ১৯৮৭ সালে তৎকালীন ইউএনও একটি পাঠাগার চালু করেন। সেখানে বিভিন্ন গবেষণামূলক ও মুক্তিযুদ্ধের ইতিহাসের বইসহ প্রায় তিন হাজার বই ছিল। ২০০৯ সালের আগস্টে মিলনায়তনটি ভেঙে ফেলার পর পাঠাগারটি বন্ধ হয়ে যায়।
উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, উপজেলা পরিষদে সিদ্ধান্ত হলে পাঠাগারের জন্য কক্ষ বরাদ্দ দেওয়া যাবে। ইউএনওর কার্যালয়ের একসময়ের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, তিনি ২০০৯ সালের আগস্ট পর্যন্ত ওই পাঠাগারের দায়িত্বে ছিলেন। এর আগেই পাঠাগারের অনেক বই চুরি ও নষ্ট হয়ে যায়।
দরিকান্দি গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘আমি ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত পাঠাগারের দায়িত্বে ছিলাম। তখন পাঠাগারের ২০টি তাকে অন্তত তিন হাজার বই ছিল। সে সময় অনেক পাঠক বই পড়তে আসতেন।’
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০০৯ সালে উপজেলা পরিষদ মিলনায়তনটিও ভেঙে ফেলা হয়। সে সময় বইগুলো উপজেলা পরিষদের পুরোনো ভবনের তৃতীয় তলায় এলজিইডির দুই কক্ষবিশিষ্ট একটি গুদামে রাখা হয়। পরে সেগুলো আর নিয়ে আসা হয়নি।
বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী সুব্রত সাহা বলেন, ‘পাঠাগারটি চালু করতে আমরা কয়েকজন চেষ্টা চালিয়েছিলাম। কিন্তু প্রশাসন থেকে সাড়া পাইনি। পাঠাগারটি আবার চালু করা হোক।’