
কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা বিহারে ‘পণ্ডিত সত্যপ্রিয় পাঠাগার’-এর যাত্রা শুরু হলো। দৃষ্টিনন্দন সীমা বিহারের তৃতীয় তলায় ৪০০ বর্গফুটের একটি কক্ষে পাঠাগারটি তৈরি করে দেয় প্রথম আলো ট্রাস্ট।
ধর্মীয়সহ নানা বিষয়ের হাজারো বইয়ে ঠাসা আধুনিক এ পাঠাগারটি পেয়ে আনন্দিত স্থানীয় বৌদ্ধসমাজ। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সীমা বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি সত্যপ্রিয় মহাথের, প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান আজিজ খান, বার্জার পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন প্রমুখ।
বিহারের নিচতলায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ও প্রার্থনা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। বিভিন্ন বৌদ্ধবিহারের ভিক্ষুসহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ সভায় অংশ নেন। সত্যপ্রিয় মহাথেরর সভাপতিত্বে এ সভায় প্রথম আলোর সম্পাদক বলেন, ‘২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধপল্লিতে যে নারকীয় হামলা হয়েছে, তার জন্য বাংলাদেশের সব মানুষ ব্যথিত। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের শাস্তির দাবি করছি।’
সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বলেন, ‘রামুতে হামলার জন্য আমি বাংলাদেশের সব মানুষের পক্ষে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের দেশের কিছু দুর্বৃত্ত এই ঘৃণিত কাজটি করেছে।’ এ হামলার দ্রুত বিচার দাবি করেন তিনি।
রূপালী চৌধুরী বলেন, ‘রামুতে হামলার জন্য আমরা লজ্জিত। আমরা সব সময় এখানকার বৌদ্ধ সম্প্রদায়ের পাশে থাকব।’
রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোশতাক আহমদ বলেন, কিছু দুষ্কৃতকারীর কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে না।
আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীর বড়ুয়া, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অলক বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু। এর আগে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সভা শেষে পণ্ডিত সত্যপ্রিয় মহাথের পাঠাগারে ভিক্ষুদের সঙ্গে মতবিনিময় করেন মতিউর রহমান। এ সময় পাঠাগারে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে আরও চারটি কম্পিউটার ও বই দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে ফেসবুকে পবিত্র কোরআন শরিফের অবমাননাকর ছবি সংযুক্ত করার অভিযোগ তুলে সীমা বিহারসহ রামুর ১২টি প্রাচীন বৌদ্ধবিহার ও ৩৬টি বসতিতে অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে ধ্বংস করা হয়। পরদিন উখিয়া ও টেকনাফে আরও সাতটি মন্দিরে আগুন দেওয়া হয়।
এ ঘটনার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরকার প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ধ্বংসস্তূপের ওপর দৃষ্টিনন্দন ১৯টি বিহার নির্মাণ করে দেয়। গত বছরের ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বৌদ্ধবিহারের উদ্বোধন করেন।
স্থানীয়ভাবে পাঠাগারের প্রয়োজনীয়তার কথা বলা হলে এগিয়ে আসে প্রথম আলো ট্রাস্ট। অন্তত ৩০ হাজার বই রাখার উপযোগী এই পাঠাগারের নামকরণ করা হয় ৮৭ বয়সোর্ধ্ব সর্বোচ্চ ধর্মীয় গুরু পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর নামে।
সত্যপ্রিয় মহাথের বলেন, ‘পাঠাগারটি পেয়ে আমরা প্রথম আলো এবং প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞ। পাঠাগারের বই পড়ে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন।’
স্থানীয় মেরংলোয়া গ্রামের ববিতা বড়ুয়া বলেন, ‘দুর্বৃত্তের হামলায় সীমা বিহার ধ্বংস হওয়ার পর থেকে প্রায় দেড় বছর আমরা কোনো বইপুস্তক পড়তে পারিনি। এখন পাঠাগারে এসে ধর্মীয়সহ সব ধরনের বই পড়তে পারছি। এতে আমরা খুশি।’