পাঠাগার ভেঙে দোকান নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে ৫০ বছরের পুরোনো পাঠাগার ভেঙে দোকান নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের দারিয়াপুর বাজারে গত শনিবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠাগারের জায়গা দখল করে সেখানে দোকান নির্মাণের পরিকল্পনা করেছেন। ইতিমধ্যে তিনি পাঠাগারটি ভেঙে ফেলেছেন।
এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ আবদুল সাদী বলেন, গত সোমবার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ডেকে আনা হয়। এ সময় চেয়ারম্যান তাঁর ত্রুটির কথা স্বীকার করেছেন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে পাঠাগারটি পুনর্নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে। চেয়ারম্যান শিগগিরই ভবনটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘ভেবেছিলাম, নিচে দোকান এবং তার ওপরে দোতলায় পাঠাগার করা হবে। কিন্তু সে পরিকল্পনা ভেস্তে গেল। এখন পরিষদের তহবিল থেকে পাঠাগারের জন্য একটি পাকা ভবন নির্মাণ করে দেওয়া হবে।’
পাঠাগার কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্র জানায়, ১৯৫৮ সালে দারিয়াপুর গ্রামের জাফর মুন্সির দান করা পাঁচ শতাংশ জায়গার ওপর টিনের ঘর তুলে এ পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। এলাকার জনগণ পাঠাগারটিকে ‘জনতা লাইব্রেরি’ ও সমাজকল্যাণ কেন্দ্র নামকরণ করেন। পরে ১৯৬৩ সালের ১৫ জুলাই সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন করা হয়। সেই থেকে প্রতিষ্ঠানটি পাঠাগার কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমাজ উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে। নিজস্ব জায়গার ওপর নির্মিত হওয়া সত্ত্বেও কোনো নোটিশ ছাড়াই বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান ২৮ সেপ্টেম্বর পাঠাগারটি ভেঙে মালামাল অন্যত্র সরিয়ে ফেলেন।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, দারিয়াপুর গ্রামের যে স্থানে পাঠাগারটি ছিল, সেখানে এর কোনো অস্তিত্ব নেই। পাঠাগারসংলগ্ন এলাকায় একটি সরকারি প্রাথমিক এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে এবং পাশের গ্রামে একটি কলেজ আছে। এ ছাড়া এখানে বাজার ছাড়াও বাঁশগ্রাম ইউপি কমপ্লেক্স ভবন আছে। পাঠাগারটি ইউপি কমপ্লেক্স থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থিত।
বিদ্যালয় দুটিতে প্রায় দুই হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। এলাকাবাসী ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত এখানে জ্ঞানার্জনে বিভিন্ন বই, জাতীয় ও আঞ্চলিক পত্রিকা পড়ে থাকে। মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সোহান শেখ জানায়, পাঠাগারটি ভেঙে ফেলা তাদের জন্য সুখকর নয়। এ জন্য এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই বিশ্বাস বলেন, খাস জমির ওপর নয়, নিজস্ব জায়গায় পাঠাগারটি গড়ে তোলা হয়। কোনো ধরনের পরামর্শ বা নোটিশ ছাড়াই চেয়ারম্যান ঘরটি ভেঙে ফেলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউএনওকে জানানো হয়েছে।