পাঠাগার রক্ষায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
‘একটি ঘরের অভাবে আমাদের পাঠাগারের মূলবান বইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আমাদের পাঠাগারটি বাঁচান। আমরা শিক্ষিত ও আদর্শ যুবসমাজ হয়ে আপনাদের সহায়তার মূল্য দেব।’ এই আকুতি জানিয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে গতকাল বুধবার সকালে বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় একদল তরুণ।সকালে গাজীপুর বাজারে ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন পাঠাগারটির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, সংগঠক রিয়াজ মোর্শেদ প্রমুখ।আদর্শ পাঠাগারের সভাপতি স্বপন ঠাকুর বলেন, ‘তিন হাজারের বেশি বই নিয়ে ২০০৭ সালে গাজীপুর বন্দরে একটি ভাড়া ঘরে পাঠাগারটির যাত্রা শুরু হয়। প্রায় দেড় শ পাঠক এ পাঠাগারকে কেন্দ্র করে পাঠচক্রও গড়ে তোলেন। ঘূর্ণিঝড় সিডরে পাঠাগারের ঘরটি ভেঙে গেলে নতুন করে ঘর ভাড়া বা তৈরি করা সম্ভব হয়নি। সেই থেকে এখানে-সেখানে বই ও আসবাব রাখা ছিল। ধীরে ধীরে সেগুলো নষ্ট হয়ে গেছে। এখনো প্রায় এক হাজার ৫০০ বই অক্ষত রয়েছে। বহু দেনদরবার করেও সেগুলো রাখার মতো জায়গা পাচ্ছি না। তাই এ কর্মসূচি পালন করছি।’আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘পাঠাগারটিকে টিকিয়ে রাখতে সাধ্যমতো সহায়তা করব।’