পাঠাগারটি পেল নিজস্ব সাইনবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর পাঠাগারটিতে এখন আবার টাঙানো তার নিজের সাইনবোর্ড। সরে গেছে ‘পাঠচক্র’-এর সাইনবোর্ড। প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর নতুন করে সাইনবোর্ড টাঙিয়ে পাঠাগারটিতে নতুন করে প্রাণ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় প্রশাসন।
১৫ আগস্ট প্রথম আলোয় ‘পাঠাগারের সাইনবোর্ড নেই, আছে পাঠচক্র’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি পীরগঞ্জের সাধারণ পাঠক ও পৌর প্রশাসনের নজরে আসে। পৌর পাঠাগার নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে আগ্রহ তৈরি হয়। তারা পাঠাগারটির ইতিহাস জানতে আগ্রহী হয়ে ওঠেন। এ অবস্থায় পাঠচক্রের সাইনবোর্ড অপসারণ করে সেখানে পৌর পাঠাগারের সাইনবোর্ড টাঙিয়ে পাঠাগারটি নতুন করে চালুর জন্য পীরগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলামকে দায়িত্ব দেয় পৌর প্রশাসন। সে অনুযায়ী ২৪ আগস্ট পীরগঞ্জ পৌর পাঠাগারের তার নিজের সাইনবোর্ড টাঙানো হয়।
পীরগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম বলেন, ‘আমি প্রথম আলো পত্রিকার কাটিংটি পৌর পাঠাগারের ফাইলবন্দী করেছি। সংবাদটি নিয়ে পৌরসভায় মেয়রের সঙ্গে আলোচনা হয়। মেয়রের মৌখিক অনুমতি সাপেক্ষে ২৩ আগস্ট রাতে পাঠচক্রের সাইনবোর্ড অপসারণ করি। জরুরি ভিত্তিতে পৌরসভা পাঠাগারের নতুন সাইনবোর্ড বানিয়ে পাঠচক্রের সাইনবোর্ডের জায়গায় গত সোমবার ঝুলিয়ে দেওয়া হয়েছে।’