ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়েবসাইট অনুযায়ী, সূত্রাপুর সংগীতকেন্দ্রের অবস্থান হওয়ার কথা সূত্রাপুরে। অথচ কেন্দ্রের কার্যক্রম চলছে গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে। এদিকে মৌখিকভাবে সংগীতকেন্দ্রের জন্য ভবনের চারতলায় কক্ষ বরাদ্দ দেওয়া হলেও এর কার্যক্রম চলছে নিচতলার পাঠাগারে। পাঠাগারে নাচ ও গানের ক্লাস হওয়ায় অসন্তুষ্ট অনেক পাঠক।
কম খরচে শিশুদের নাচ-গান শেখানোর জন্য ২০০৪ সালে সিটি করপোরেশন সংগীতকেন্দ্রের কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের অংশ হিসেবে ২০০৬ সালে সূত্রাপুর কাঠের পোলের শরীরচর্চাকেন্দ্রের দোতলায় এই সংগীতকেন্দ্রের যাত্রা শুরু হয়।
কেন্দ্রের শিক্ষকেরা বলেন, সূত্রাপুরে এই কেন্দ্রের ক্লাস হয় ২০১৬ সালের ২৯ জুন পর্যন্ত। এরপর ঈদের ছুটি শেষে তাঁরা দেখতে পান, সূত্রাপুর সুইপার কলোনির লোকজন ওই কক্ষে থাকছেন।
শিক্ষকেরা বলেন, এই পরিস্থিতিতে গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের কার্যক্রম গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। সংগীতকেন্দ্রটি সরিয়ে নেওয়ায় তাঁদের পুরোনো সব শিক্ষার্থী ঝরে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-৫-এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা আফজালুল আজম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন প্রকল্পের কাজ চলার কারণেতাঁদের সে সময় নিজ নিজ বাসস্থান থেকে সরিয়ে নেওয়া হয়। তখন বেশ কিছু পরিচ্ছন্নতাকর্মী সূত্রাপুরের ওই কেন্দ্রে অবস্থান নেন। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নোটিশ দেওয়া হয়েছিল। তবে ওই সমস্যার সমাধানে এখনো কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি।
এদিকে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রের পাঠাগারে সূত্রাপুর সংগীতকেন্দ্রের কার্যক্রম পরিচালিত হওয়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, নীরবতা পাঠাগারের প্রথম শর্ত। সেখানে নাচ-গান শেখানো হলে পাঠাগারের কার্যক্রম ব্যাহত হয়।
মো. রানা নামের স্থানীয় এক ব্যক্তি মাঝেমধ্যে পাঠাগারে বই পড়তে আসেন। তিনি বলেন, বই কম থাকাসহ পাঠাগারে নানা সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে নতুন সমস্যা হিসেবে যুক্ত হয়েছে এই কার্যক্রম।
এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘একই রুমে নাচ-গান-বইপড়া চললে কোনোটাই ভালো হয় না।’
গ্রন্থাগারিক মো. আশরাফ উদ্দিন বলেন, এক কক্ষে একই সঙ্গে দুটো কার্যক্রম চালানোর যৌক্তিকতা ও অসুবিধার বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত।
এ বিষয়ে আফজালুল আজম বলেন, ‘পাঠাগারে বই কম। পাঠকও তেমন আসে না। তাই সাময়িকভাবে এখানে ক্লাস চলছে। তবে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলে নতুন বছর থেকে পাশের কক্ষে বা অন্য ফ্লোরে সরিয়ে নেওয়া হবে।’
চারতলায় কক্ষ বরাদ্দ হলেও পাঠাগারে সংগীতকেন্দ্রের কার্যক্রম চালানোর কারণ সম্পর্কে জানতে চাইলে শিক্ষকেরা বলেন, অভিভাবকেরা সন্তানদের নিয়ে চারতলায় যেতে চান না।
গত বুধবার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে সংগীতকেন্দ্রের ব্যানার টানানো। ব্যানারে লেখা, ‘সূত্রাপুর সংগীত কেন্দ্র। এখানে অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা দ্বারা সংগীত ও নৃত্য শিক্ষা দেওয়া হয়’।
শিক্ষকেরা বলছেন, আগের কেন্দ্রে স্থান পরিবর্তনের কোনো ব্যানার না থাকায় শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। পাশাপাশি কেন্দ্রের কোনো প্রচার নেই। তারপরেও যারা আসে, তাদের অনেকে ঝরে যায়। কারণ, শিক্ষার্থীদের সনদ দেওয়ার ব্যবস্থা নেই।
কেন্দ্রের শিক্ষার্থী জ্যোতি রায়ের নাচ-গান দুটোতেই সমান আগ্রহ। জ্যোতি রায় বলে, ‘আমাদের শিক্ষকেরা খুব ভালো। আর এখানে এসে আমার অনেক বন্ধুও হয়েছে।’ শিক্ষার্থী রিয়া আহমেদও বলল একই কথা।
গ্রীষ্মকালে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ক্লাস হলেও এখন চলে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। শিক্ষার্থীর সংখ্যা জনা তিরিশেক। শিক্ষকেরা বলেন, পরীক্ষা চলায় এখন শিক্ষার্থীদের উপস্থিতি কম।
এই কেন্দ্রে ২৫ টাকা মাসিক বেতনে সোম ও বুধবার বিকেলে নাচ ও গান শেখার ব্যবস্থা আছে। সাধারণত ৬ থেকে ১৬ বছরের শিশুদের ভর্তি করা হয়। তবে আগ্রহীদের ক্ষেত্রে বয়সের শিথিলতা থাকে।