পাঠাগারের সাইনবোর্ড নেই, আছে 'পাঠচক্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ও পৌরসভার একমাত্র পাঠাগারটির নিজস্ব কোনো সাইনবোর্ড না থাকায় শিক্ষার্থী ও বইপ্রেমী মানুষেরা জানেনই না পাঠাগারটির কথা। পাঠাগারটিতে একটি ছোট সাইনবোর্ড ঝুলছে বটে। তবে তা একটি পাঠচক্র সংগঠনের। সংগঠনটির বাইরে সাধারণ মানুষ পাঠাগারটি সম্পর্কে ওয়াকিবহাল না হওয়ায় পাঠাগার হিসেবে এটি তার গৌরব হারাচ্ছে। নীরবে পড়ে রয়েছে পাঠাগারটি।
পীরগঞ্জ সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী প্রতিমা রানী বলেন, ‘আমি আগে এই পাঠাগারে এসে বই পড়তাম। আট-নয় বছর ধরে পাঠাগারে কোনো সাইনবোর্ড নেই। বরং অনেক দিন থেকে ‘পাঠচক্র’ নামের একটি সংগঠনের সাইনবোর্ড ঝুলছে। আমি ভাবছি পাঠাগারটি বন্ধ হয়ে গেছে।’
পীরগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র আবু তাহের আক্ষেপ করে বলেন, ‘এটি যে উপজেলা ও পৌরসভার একমাত্র গণপাঠাগার, তা বাইরে থেকে বোঝা মুশকিল।’
জানা গেছে, ১৯৮৫ সালে পীরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশের এলাকায় পাঠাগারটি স্থাপিত হয়। প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে পীরগঞ্জ উপজেলা পরিষদ পাঠাগারটির জন্য একটি টিনশেড ভবন তৈরি করে দেয়। ১৯৯২ সালে উপজেলা এটি পীরগঞ্জ পৌরসভাকে হস্তান্তর করে। প্রায় আট হাজার বই নিয়ে এটির যাত্রা শুরু হয়। একসময় পাঠাগারটির পাঠকসংখ্যা তিন হাজারও ছাড়িয়ে যায়। তবে এর নিজস্ব কোনো সাইনবোর্ড এখন আর নেই। ছয়-সাত বছর ধরে এর টিনশেড ঘরটির গায়ে ‘পাঠচক্র’ নামক একটি সংগঠনের সাইনবোর্ড ঝুলছে। পৌর পাঠাগারের গ্রন্থাগারিক আখতারুল ইসলাম ২০০৬ সালের ১৪ অক্টোবর বাসচাপায় নিহত হওয়ার পর পৌর কর্তৃপক্ষ এর কার্যক্রম বন্ধ করে দেয়। এক বছর পর পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিকের দায়িত্ব দিয়ে পাঠাগারটি পুনরায় চালু করা হয়।
গত বুধ ও বৃহস্পতিবার সরেজমিনে দুপুর ও সন্ধ্যায় ঘুরেও পাঠাগারে একজন পাঠকও চোখে পড়েনি। ভেতরে ঢুকে দেখা যায়, উত্তর দিকের দেয়াল চুইয়ে গড়িয়ে পড়া পানিতে বই রাখার পাঁচটি আলমারি ভিজে যাওয়ায় আলমারিগুলো সরিয়ে রাখা হয়েছে। নয়টি আলমারি, নয়টি জানালা উইপোকা ও ঘুণে খাচ্ছে। চারটির মধ্যে তিনটি ফ্যানই অচল।
পাঠাগারের বারান্দা ঘেঁষে ঝালাইয়ের দোকানের মালামাল রাখা। পাঠাগারের দেয়াল ঘেঁষে দক্ষিণ পাশে ঝালাইয়ের একটি দোকানে চলছে লোহা পেটানো ও ঝালাইয়ের কাজ।
মনিরুল ইসলাম নামের একজনকে গত মে মাস থেকে গ্রন্থাগারিকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘পাঠাগারে ১ হাজার ৪৪২টি বই রয়েছে। আমি ১ মে গ্রন্থাগারিকের দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়মিতই পাঠাগার খুলছি। দুঃখের বিষয়, ১ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত পাঠাগারে এসে বই চাওয়ার মতো একজন পাঠকও পেলাম না।’
সাবেক গ্রন্থাগারিক রফিকুল ইসলাম বলেন, ‘ইতিপূর্বে নেওয়া বই পাঠকেরা আর পাঠাগারে ফেরত দেননি। বই ফেরত আনার বহু চেষ্টা করেছি।’
পীরগঞ্জ পৌর মেয়র রাজিউর রহমান বলেন, ‘২০১৩-১৪ অর্থবছরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে ১ লাখ ৬০ হাজার টাকার অনুদান পেয়েছিলাম। এক লাখ টাকা দিয়ে টিনের ছাউনি মেরামত করেছি এবং ৫০ হাজার টাকায় বই কিনেছি। উন্নয়নকাজ করার জন্য আরও টাকা দরকার।’