পাঠানটুলা যেন বালুমহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের পাঠানটুলা এলাকায় সড়কের পাশে গড়ে তোলা হয়েছে বালুমহাল। ময়লা-আর্জনার কারণে পথ চলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ছবিটি গত মঙ্গলবার তোলা l আনিস মাহমুদ
সিলেট নগরের পাঠানটুলা এলাকায় সড়কের পাশে গড়ে তোলা হয়েছে বালুমহাল। ময়লা-আর্জনার কারণে পথ চলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ছবিটি গত মঙ্গলবার তোলা l আনিস মাহমুদ

সড়কের এপাশে কয়েকটি ঠেলাগাড়ি, ওপাশে তিনটি ট্রাক। সেগুলোতে তোলা হচ্ছে ইটের গুঁড়া আর বালু। ইটের লালচে গুঁড়ার ধুলায় মলিন আশপাশ। পথচলতি মানুষ কেউ কেউ নাক-মুখ চেপে যাচ্ছেন। আবার কাউকে দেখা গেল থমকে দাঁড়াতে।

এই চিত্র গত সোমবারের। এভাবে এক দিন নয়, প্রায় প্রতিদিনই নাকাল হতে হয়ে পথচারীদের। সিলেট নগরের পাঠানটুলা এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক ঘেঁষে বালু, পাথর আর ইটের গুঁড়ার কারবারে পথচারীদের সঙ্গে নাকাল হতে হয় বিদ্যালয়গামী শিক্ষার্থীদেরও। ওই এলাকায় রয়েছে চারটি বাঁশের আড়ত। ওই বাঁশ কেনাবেচার সময়ও ব্যস্ত সড়কে গাড়িগুলোকে থমকে দাঁড়াতে হয়।

সিলেট-সুনামগঞ্জ সড়কটি নগরের আম্বরখানা মোড়ে গিয়ে শেষ হয়েছে। নগর থেকে এ সড়কই হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের একমাত্র পথ। আম্বরখানা, সুবিদবাজার, পাঠানটুলা, মদিনা মার্কেট পর্যন্ত সড়কের পাশে রয়েছে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট পরিচালিত স্কলার্সহোমের পাঠানটুলা ক্যাম্পাস। পাঠানটুলা মোড়ের কাছে সড়ক ঘেঁষে বালু, পাথর ও ইটের গুঁড়ার কারবার চলায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

গত রোববার থেকে দুই দিন সকালে ও বিকেলে কয়েক দফা পাঠানটুলা এলাকায় অবস্থান করে দেখা গেছে, এই সময়ে শিক্ষার্থীদের চলাচল থাকায় পথচারীদের সঙ্গে তাদেরও ভোগান্তির মুখে পড়তে হয়। স্কলার্সহোমের ভবন-লাগোয়া পূর্ব দিকে ফাঁকা জায়গায় ইট ও বালু বিক্রির প্রথম স্থাপনা। সেখান থেকে যখন ইট গুঁড়া করে ‘রাবিশ’ তৈরি করা হয়, তখন স্কলার্সহোমের বহুতল ভবনে গিয়ে পড়ে ইটের গুঁড়া। স্কলার্সহোমের বিপরীতে পাঠানটুলা মোড় পাড়ি দিয়ে নবাবী মসজিদের পূর্ব দিকের ফাঁকা জায়গায় রয়েছে তিনটি বালু কেনাবেচার স্থাপনা। সেখানে স্তূপ করে বালু রাখা। কেনাবেচার সময় এসব বালু যখন ঠেলাগাড়িতে করে গন্তব্যে পৌঁছানো হয়, তখন ধুলায় আশপাশ দিয়ে চলা কঠিন হয়ে পড়ে।

বালুর পাশে রয়েছে আরও দুটি ইট ও পাথর গুঁড়া করার স্থাপনা। চাহিদা অনুযায়ী ক্রেতাদের ইট ও পাথর ভেঙে সরবরাহ করা হয়। এ পথে চলাচল করেন এমন তিন নারীসহ সাতজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যস্ত সড়ক ঘেঁষে এ রকম কারবার চলায় পাঠানটুলার মোড় এলাকা অনেকটা পাথর কোয়ারি বা বালুমহালে রূপ নিয়েছে। এতে সবারই স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পাথর ভাঙার কল পরিচালনায় আলাদা নীতিমালা রয়েছে। সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে উত্তোলিত পাথর ভাঙার জন্য যত্রতত্র গড়ে ওঠা এসব কল পরিবেশ ও জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করায় ২০১৩ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ ও স্টোন ক্র্যাশিং মেশিন স্থাপন নীতিমালা (সংশোধিত ২০১৩)’ নামের একটি আলাদা নীতিমালা করে।

পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, এ নীতিমালা অনুযায়ী পাথর ভাঙার কল স্থাপনের প্রথম শর্ত হচ্ছে, এ জন্য একটি ‘জোন’ (অঞ্চল) থাকতে হবে। এ শর্ত ছাড়া পাথর ভাঙার কল স্থাপন করে কেনাবেচা বৈধ নয় জানিয়ে তিনি বলেন, যেহেতু স্থানটি সিলেট সিটি করপোরেশন এলাকার, তাই এ বিষয়ে সরাসরি সিটি করপোরেশন কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে ওই এলাকায় বিভিন্ন পাথর কোয়ারি ও বালুমহালের বালু-পাথর ব্যবসায়ীদের কয়েকটি স্থাপনা রয়েছে। অবৈধ পাথর ভাঙার কল স্থাপন বিষয়ে নয়, জনদুর্ভোগ সৃষ্টির যেকোনো ব্যবসার ব্যাপারে নাগরিক স্বার্থে সিটি করপোরেশন প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে আলাপ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’