পাঠাভ্যাস উন্নয়নে দেশের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর উচ্চবিদ্যালয়কে পাঠাভ্যাস উন্নয়নে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
এ উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্র গত বৃহস্পতিবার বেলা ১১টায় বহরপুর উচ্চবিদ্যালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। বহরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষার মান ও সুযোগ বৃদ্ধি প্রকল্পের (সেকায়েপ) পরিচালক ও অতিরিক্ত সচিব মো. মাহমুদ-উল হক। সেকায়েপের সমন্বয়ক আবদুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।
প্রধান অতিথি মো. মাহমুদ-উল হক বলেন, মানুষের রুচির অন্যতম পরিচয় হচ্ছে বই পড়া। বই পড়ার মাধ্যমে নিজেকে ও বিশ্বকে চেনা যায়, জানা যায়। এ বছর দেশের ৬ হাজার ৫৫৩টি স্কুলের মধ্যে বহরপুর উচ্চবিদ্যালয় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। বিষয়টি খুবই গৌরবের।
অনুষ্ঠানে ২০৪ জন শিক্ষার্থীকে মোট ৬৮৪টি বই উপহার দেওয়া হয়।