পাঠ্যক্রম সাধারণ হলেও ৮২ বছর ধরে ‘মাদ্রাসা’
পাঠ্যক্রম সাধারণ হলেও ৮২ বছর ধরে রাজশাহীর প্রাচীনতম একটি সরকারি বিদ্যালয় ‘রাজশাহী সরকারি মাদ্রাসা’ নামেই চলছে। সম্প্রতি বিদ্যালয়টির নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে আজ রোববার বিদ্যালয়ে একটি মতবিনিময় সভা ডাকা হয়েছে। এর প্রস্তাবিত নাম হচ্ছে ‘হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়’।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮০৬ সালে হুগলিতে প্রতিষ্ঠিত হাজী মুহম্মদ মুহসীন অ্যান্ডয়মেন্ট আর্থিক দুর্নীতির কবলে পড়লে ১৮১৭ সালে তা সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। ১৮৭৩ সালে নবাব বাহাদুর আবদুল লতিফের সুপারিশে তৎকালীন সরকার ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে মুসলিম শিক্ষা প্রসারের জন্য হাজী মুহম্মদ মুহসীন অ্যান্ডয়মেন্টের আয়ের একটি অংশ ব্যয় করার সিদ্ধান্ত নেয়। তারই ফলে ১৮৭৪ সালে রাজশাহীতে ‘রাজশাহী সরকারি মাদ্রাসা’ প্রতিষ্ঠা করা হয়।১৯৩০ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এতে মাদ্রাসা পাঠ্যক্রম চালু ছিল। মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা প্রতিষ্ঠিত হলে ১৯৩১ সালে এটি ঢাকার অধীনে চলে আসে। তখন থেকে মাদ্রাসার পাঠ্যক্রম বাদ দিয়ে এখানে সাধারণ শিক্ষা পাঠ্যক্রম চালু করা হয়, কিন্তু মাদ্রাসা নামটি থেকেই যায়।প্রতিষ্ঠানটি একটি মাধ্যমিক বিদ্যালয় হলেও সে সময়ের নিয়ম অনুযায়ী এখনো মহাবিদ্যালয়ের মতো এতে একজন অধ্যক্ষ রয়েছেন। তাঁকে সহকারী অধ্যাপক পদমর্যাদার হতে হবে। একজন প্রভাষকের পদ রয়েছেন। আগে নিয়ম ছিল প্রভাষককে আরবি শিক্ষায় শিক্ষিত হতে হবে। অবশ্য এখন এটি মানা হচ্ছে না। এদিকে মাদ্রাসা নাম থাকার কারণে ভালো শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হয় না। অনেক ভালো শিক্ষকও এই প্রতিষ্ঠানে থাকতে আগ্রহী হন না। আবার এই প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীরা সনদপত্রে মাদ্রাসা লেখা থাকার কারণে অন্যত্র ভর্তি হতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে। এসব কারণে সম্প্রতি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের জন্য কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে।জানা গেছে, মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী নাম পরিবর্তনের জন্য স্থানীয় সুধীসমাজের মতামতের প্রয়োজন রয়েছে। এ জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ রোববার একটি মতবিনিময় সভার আহ্বান করা হয়েছে। এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।