পাঠ্যপুস্তক উৎসব শুরু হচ্ছে আজ
নতুন বছরের প্রথম দিন আজ শনিবার থেকে শুরু হচ্ছে পাঠ্যপুস্তক উৎসব। নতুন সকালে শিক্ষার্থীরা হাতে পাবে নতুন বই। আজ থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে বিনা মূল্যের নতুন পাঠ্যবই। এ দিনকে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ হিসেবে পালন করছে সরকার। এনসিটিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হবে।সূত্র জানায়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয় এবং মাদ্রাসার মোট তিন কোটি ২২ লাখ ৩৬ হাজার ৩২১ জন শিক্ষার্থীর হাতে আজ বই তুলে দেওয়ার ঘোষণা ছিল। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, এ লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ কোটি ২০ লাখ পাঠ্যবই পৌঁছে দেওয়া হয়েছে। প্রথম দিনই সবার হাতে বই তুলে দেওয়ার চেষ্টা থাকবে। তবে এক সপ্তাহ চলবে এই উৎসব। এর মধ্যে সবার হাতে বই পৌঁছে যাবে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধনের পর বই বিতরণ করবেন। এ ছাড়া ঢাকার বাইরে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা সারা দেশে এই কার্যক্রম পরিচালনা করবেন।উৎসবের প্রস্তুতি সম্পর্কে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল প্রথম আলোকে বলেন, সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে দেওয়া হয়েছে। কোনো কোনো জেলায় দু-তিন শতাংশ বই হয়তো কম পড়তে পারে। তবে এতে কোনো সমস্যা হবে না। সরকারের আপৎকালীন মজুদ (বাফার স্টক) থেকে ওই বই সরবরাহ করা হবে।পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণে গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আখতারুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, কোনো কারণে কোথাও শিক্ষার্থীরা যদি বই না পায়, সে জন্য সপ্তাহজুড়ে উৎসব পালন করা হবে। এই সময়ের মধ্যেই সবাই বই পেয়ে যাবে।