পাঠ্যপুস্তক কেলেঙ্কারির প্রতিবাদে মানববন্ধন
প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে ভুল, দলীয় স্লোগান ও নানান সাম্প্রদায়িক বিষয় যুক্ত থাকার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখা। কর্মসূচি চলাকালে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিও করা হয়।
গতকাল শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জেলা সদস্যসচিব অঞ্জন দাস,
ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি আরিফ হোসেন, সহসাধারণ সম্পাদক শুভ দেব, অর্থ সম্পাদক খাদিজা অন্তরা প্রমুখ।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় বলেন, সরকার অন্যায়ভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে পুরো জাতিকে নিয়ে তামাশা করছে। এই অবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে।
এদিকে বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ভুলে ভরা ও সাম্প্রদায়িক ভাবাদর্শে প্রণীত পাঠ্যপুস্তক বাতিল এবং প্রণয়নকারী ব্যক্তিদের শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন করে।
সংগঠনের সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, প্রগতিশীল শিক্ষক ফোরামের সংগঠক আবদুল খালেক, ছাত্রফ্রন্টের সহসভাপতি জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন প্রমুখ।