পাঠ্যপুস্তকে ধর্মীয় বিষয় খতিয়ে দেখতে কমিটি করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যপুস্তকে আল্লাহ, মহানবী (সা.) ও ধর্ম নিয়ে অবমাননাকর কিছু আছে কি না, তা খতিয়ে দেখতে শিক্ষা ও ধর্ম মন্ত্রণালয়সহ বিশিষ্ট আলেমদের নিয়ে একটি শক্তিশালী তদন্ত কমিটি করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী।

আজ সোমবার বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। রুস্তম আলী ফরাজী বলেন, ধর্ম সম্পর্কে কটূক্তি করা নিয়ে অতীতে অনেক ঘটনা ঘটেছে। ধর্মের ওপর আঘাত মানুষ সহজভাবে মেনে নেয় না।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুস্তম আলী ফরাজী এ দাবি জানান। তবে কোন পাঠ্যপুস্তকের তথ্য আল্লাহ, মহানবী (সা.) বা ধর্ম সম্পর্কে অবমাননাকর মনে হয়েছে, তা সাংসদ সুনির্দিষ্ট করে বলেননি।

স্বতন্ত্র সাংসদ বলেন, আলীয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকে কী কী থাকবে, তা নির্ধারণে তাদের কর্তৃপক্ষ আছে। শিক্ষা মন্ত্রণালয়ও তা জানে। একই সঙ্গে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে। কারণ স্বাধীনতাযুদ্ধের ইতিহাস না জানাটাও গর্হিত অপরাধ। তবে আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে বিরূপ মন্তব্য করা একটি মারাত্মক অপরাধ।