পাঠ্যপুস্তকে নিম্নমানের কাগজ ব্যবহারে জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসম্পন্ন পাঠ্যপুস্ত​ক মুদ্রণের দাবিতে এনসিটিবির সামনে গতকাল অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সদস্যরা l প্রথম আলো
মানসম্পন্ন পাঠ্যপুস্ত​ক মুদ্রণের দাবিতে এনসিটিবির সামনে গতকাল অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সদস্যরা l প্রথম আলো

বিনা মূল্যের পাঠ্যপুস্তক ছাপানোর কাজে নিম্নমানের কাগজ ব্যবহার এবং আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি।
গতকাল মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত পাঠ্যবই ছাপানোর কাজে দরপত্রের নির্দেশনা লঙ্ঘন করে নিম্নমানের কাগজ ব্যবহারের অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা লক্ষ করছি, শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিতে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, তা সঠিকভাবে পালন করা হচ্ছে না। কিছুসংখ্যক মুদ্রণ মাফিয়া বোর্ডের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় পাঠ্যপুস্তকে নিম্নমানের কাগজ ব্যবহার করে নিম্নমানের ছাপায় বইকে পাঠের অনুপযোগী করে তুলছে।’
এ ব্যাপারে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য এনসিটিবির চেয়ারম্যানকে উদ্দেশ করে শহীদ সেরনিয়াবাত বলেন, ‘বোর্ড এবার যে কাগজ কিনছে, তাও নিম্নমানের। আমরা চাই মানসম্মত কাগজ কেনার ব্যাপারে বোর্ড তৎপর হবে।’ তিনি জানান, এর আগে মুদ্রণ শিল্প সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও এনসিটিবি চেয়ারম্যানের কাছে এ ব্যাপারে অভিযোগ করেছেন।
অবস্থান কর্মসূচিতে সমিতির সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলম বলেন, প্রধানমন্ত্রী গত মাসের ৯ তারিখে একটি ডিও লেটারের মাধ্যমে এনসিটিবিকে জানিয়েছেন, দরপত্রের নির্দেশনা মেনে যেন পাঠ্যপুস্তক ছাপানো হয়। তারপরও সেটি কার্যকর না করে বোর্ড গড়িমসি করছে।
সমিতির নেতারা অভিযোগ করেন, এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক (কন্ট্রোলার ডিস্ট্রিবিউশন) মোশতাক আহমেদের নেতৃত্বে একটি সিন্ডিকেট কোটি কোটি টাকার আর্থিক সুবিধা নেওয়ার বিনিময়ে পাঠ্যবই মুদ্রণের ক্ষেত্রে এ অনিয়মের সুযোগ তৈরি করে দিচ্ছে। উদাহরণ হিসেবে তাঁরা বলেন, কার্যাদেশপ্রাপ্ত পার্ল বোর্ড অ্যান্ড পেপার মিলসকে গত বছর বিলম্বে এবং নিম্নমানের কাগজ সরবরাহের জন্য ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তা সত্ত্বেও মোশতাক আহমেদ নিজের ক্ষমতা কাজে লাগিয়ে ওই প্রতিষ্ঠানকে এবারও কাজ দিয়েছেন। যিনি নিজেকে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞার ছোট ভাই বলে পরিচয় দেন।
এ ব্যাপারে জানতে চাইলে মোশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমিও তো বলতে পারি, যাঁরা অভিযোগ করেছেন, কাজ পাননি বলেই এ ধরনের কথা বলছেন। এটা পলিটিক্যাল।’ তিনি মনে করেন, এ বিষয়ে অনুসন্ধান করলে সবচেয়ে ভালো হবে।
এদিকে মুদ্রণ শিল্প সমিতির নেতারা পাঠ্যপুস্তক নিয়ে এনসিটিবির কিছুসংখ্যক কর্মকর্তার এ দুর্নীতির তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেন। গতকালের অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির সভাপতি আমিন হেলালী ও বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সহসভাপতি হাসিনা নেওয়াজ প্রমুখ।