সরকার পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার মাধ্যমে মাদ্রাসাশিক্ষাকে উৎসাহিত করছে অভিযোগ করে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এর মাধ্যমে সরকার হেফাজতে ইসলামের কাছে নতিস্বীকার করেছে। এটা জাতির ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
আজ রোববার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৮তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনে মাদ্রাসাশিক্ষাকে পেশাগত শিক্ষা করার পরিকল্পনা ছিল। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ধর্মীয় শিক্ষক ইত্যাদি। কিন্তু এখন মাদ্রাসাশিক্ষা প্রাথমিক শিক্ষাকেও ছাড়িয়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের শাসকেরা মাদ্রাসাশিক্ষাকে যে কেবল উৎসাহিত করছেন তা নয়, মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের দাবির কাছে নতিস্বীকার করে পাঠ্যপুস্তকের যে পরিবর্তন এনেছে, সে পরিবর্তন ভবিষ্যতের জন্য অশনিসংকেত।’
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পুঁজিবাদের যেসব বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্যই আমাদের সমাজে আসছে। যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে। শ্রেণিবিভাজন যে অনেক বেড়েছে, তার বড় প্রমাণ তিন ধারার শিক্ষাব্যবস্থা। ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করছে, তাদের পাঠ্যপুস্তকের কোনো সমস্যা নেই, ভুল নেই, সেখানে কোনো পরিবর্তন নেই। পরিবর্তন যা হচ্ছে তা মাধ্যমিকে আর মাধ্যমিক আক্রান্ত হচ্ছে মাদ্রাসার দ্বারা—এটাই বাস্তবতা।
সম্মেলন উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয় মনোরম সাজে। ‘ছাত্র জনতা ঐক্য গড়, শিক্ষা সংস্কৃতি রক্ষা কর’ স্লোগানে ও ১০ দফা দাবিতে সম্মেলন শুরু হয়। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশনা করা হয়, সাদা পায়রা ওড়ানো হয়। ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জি এম জিলানী। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, ছাত্র ইউনিয়নের সাবেক নেতারা ও ভারত, শ্রীলঙ্কা, নেপাল থেকে আসা বামপন্থী কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোভাযাত্রা করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। বিকেলে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বেলা ১১টায় টিএসসি মিলনায়তনে ‘নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের কবলে শিক্ষা’ প্রসঙ্গে আন্তর্জাতিক সেমিনার হবে। ওই দিন বেলা তিনটায় কাউন্সিল অধিবেশন শুরু হয়ে চলবে ৫ এপ্রিল পর্যন্ত।