পাঠ্যপুস্তকে ভুলের প্রতিবাদে ঘেরাও কর্মসূচি
ভুল, লেখার বিকৃতি, সাম্প্রদায়িকতা ও লৈঙ্গিক বৈষম্য বাদ দিয়ে অবিলম্বে শিক্ষার্থীদের হাতে নির্ভুল পাঠ্যপুস্তক তুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ দাবিতে ১৫ জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। গতকাল রোববার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নির্ভুল পাঠ্যপুস্তকের দাবিতে শিক্ষক-বুদ্ধিজীবী সংহতি সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, শরীফ শিক্ষা কমিশন, হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে যাত্রা শুরু করেছিল। বর্তমান সময়ের পাঠ্যপুস্তক আইয়ুব সরকার যে সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করেছিল, তার চেয়েও এক ধাপ এগিয়ে। তাঁরা বলেন, ২০১৭ সালে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া পাঠ্যপুস্তকে বানান ভুল, লেখার বিকৃতি, শব্দচয়নে সীমাহীন অসতর্কতা, লৈঙ্গিক বৈষম্যবিষয়ক অসতর্কতা, পাঠ্যপুস্তকের কাগজ ও বাইন্ডিংয়ের নিম্নমান ও নিম্নমানের ছাপা, প্রগতিশীল ও মুক্তমনা লেখকদের লেখা বিয়োজন, দেশীয় লেখকদের গল্প বাদ দিয়ে বিদেশি সাহিত্যের অনুবাদ অন্তর্ভুক্তকরণের মাধ্যমে বিদেশি অনুকরণ করা হয়েছে।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবিতে ১৫ জানুয়ারি এনসিটিবি ভবন ও সারা দেশে জেলা পরিষদ ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার।